প্রথম ম্যাচেই আবাহনীর ড্র

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২২:৫৩
স্বাধীনতা কাপের প্রথম ম্যাচে ফেনী সকারের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফুটবল মৌসুম শুরু করলো আবাহনী লিমিটেড। রবিবার কেএফসি স্বাধীনতা কাপের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়।
 
আবাহনী তাদের আক্রমণভাগ সাজিয়েছিল নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা, সেনেগালের কামারা ও ইংলিশ মিডফিল্ডার লি টাককে নিয়ে।আবাহনী ছোট ছোট পাসে তাদের খেলা শুরু করলেও ফেনী সকারের রক্ষণ ভেদ করতে পারেনি। বলের নিয়ন্ত্রণে আবাহনী এগিয়ে থাকলেও পাল্টা আক্রমণে কয়েকবারই আবাহনীকে ভোগান্তিতে রাখে ফেনী সকার। ২৪ মিনিটে সকারের নাইজেরিয়ান মিডফিল্ডার উচে ফেলিক্স মিডফিল্ডার ওমর ফারুকের ক্রসে নিচু হেড করেছিলেন। আবাহনী গোলরক্ষক সুলতান আহমেদ শাকিল ডানে ঝাঁপিয়ে পড়ে বল রক্ষা করেন।
 
 
ধাক্কা সামলে পাল্টা আক্রমণে যাওয়া আবাহনী গোলের দেখা পায় প্রথমার্ধের ইনজুরি টাইমে। ইংলিশ মিডফিল্ডার লি টাকের মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু পাসে আলতো ছোঁয়ায় ছোট বক্সের ওপর থেকে সকার গোলরক্ষক ওসমাস গনিকে পরাস্ত করেন সেনেগালিজ ফরোয়ার্ড কামারা সারা।
 
তবে ৭০ মিনিটে আবাহনী পেয়েছিল তাদের অগ্রগামিতা বাড়ানোর সুযোগ। লি টাক ডান প্রান্ত থেকে যে নিচু ক্রসটি করেছিলেন তাতে কামারা সারার গোল করারই কথা। খুব কাছে থেকে বল প্লেসিং করলেই যেখানে গোল হয় সেখানে সেনেগালের ফরোয়ার্ডটি বলের লাইনে ঠিকমতো যেতে পারেননি। তার দুর্বল প্লেসিং ওসমান গনি কর্নারের বিনিময়ে দলকে বাঁচান।
 
ফেনি সকার সমতা আনে ৮৫ মিনিটে; মাঝমাঠ থেকে বাড়িয়ে দেওয়া একটি থ্রু পাস নিয়ে আবাহনী বক্সে এগিয়ে চলেছিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড টুয়াস ফ্রাংক। আগুয়ান আবাহনী গোলরক্ষক শাকিল বক্সের ওপরে ফেলে দেন ফ্রাংককে। যার ফলে পেনাল্টি পায় সকার। আর তাতে গোল করতে ভুল করেননি চমরিন রাখাইন। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলের।