সাংবাদিক আবু হাসান শাহীন আর নেই। সোমবার সকাল সাতটার দিকে রাজধানীর ডেমরা থানার কোনাপাড়ার বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গত এক বছর ধরে দূরারোগ্য লিভার ক্যান্সার রোগে তিনি আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
আবু হাসান শাহীন বাংলানিউজটোয়েন্টিফোর.কমে নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন তিন বছর। এর আগে দৈনিক ভোরের কাগজ ও দৈনিক দিনের শেষে পত্রিকার সহ সম্পাদক তিনি ছিলেন। শিশু সংগঠক শাহীন ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটির সহ সাধারণ সম্পাদক, শিশুতোষ গ্রন্থের প্রকাশনা প্রতিষ্ঠান ছোটদের মেলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং ছোটদের পত্রিকার সম্পাদক-প্রকাশক।
সোমবার বাদ আছর কোনাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আবু হাসান শাহীন এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আবু হাসান শাহীনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার ও সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, ঢাকা মহানগর কমিটির সভাপতি দৈনিক ভোরের কাগজ-দৈনিক দিনের শেষের সম্পাদক শ্যামল দত্ত ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহীদ।
