বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব-শিশির

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৬:২১
দুই বছরের জন্য বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবার তিনি একা নন, সঙ্গে পাচ্ছেন স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে।
 
এ উপলক্ষে সোমবার দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে প্রেস ইভেন্টের আয়োজন করে বাংলালিংক। ওই প্রেস ইভেন্টে আনুষ্ঠানিকভাবে বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাকিব-শিশিরের নাম ঘোষণা করা হয়।
 
অনুষ্ঠানে বাংলালিংক সিইও এরিক অস তার বক্তব্যে বলেন, ‘ক্রিকেট বাংলাদেশের মানুষের রক্তে মিশে রয়েছে। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে আমাদের সাথে পেয়ে আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি।’
 
সাকিব তার বক্তব্যে বলেন, ‘বাংলালিংক দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য এবং দেশের মানুষের ক্ষমতায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি এর অংশীদার হতে পেরে আনন্দিত এবং সম্মানীত বোধ করছি। বাংলালিংককে বাংলাদেশের মানুষের মনের কাছাকাছি নিয়ে যেতে আমি কাজ করে যাব।’