ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আর সম্পর্ক থাকছেনা কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের। ধারাভাষ্যকার হিসেবে তার সঙ্গে চুক্তি করছে না বিসিসিআই।
আগামী এপ্রিল-মে পর্যন্ত গাভাস্কারের সঙ্গে চুক্তি রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। তবে, চুক্তি শেষ হলে তা নবায়ন করা হবেনা বলে জানায় বোর্ডের একাধিক সূত্র।
আর কারণ হিসেবে ধারাভাষ্যকার হিসেবে গাভাস্কারের পারিশ্রমিক অতিরিক্ত হওয়ায় বিষয়টিই উঠে এসেছে।
অন্য ধারাভাষ্যকাররা দিন প্রতি কোনো ম্যাচে দায়িত্ব পালন করলে ৩৫ হাজার রুপি থেকে সর্বোচ্চ এক লাখ রুপি পান। সেখানে গাভাস্কারকে দিতে হয় আট লাখ রুপি। গাভাস্কারের সঙ্গে চুক্তি নবায়ন করা না হলেও বিসিসিআই সঞ্জয় মাঞ্জেকর আর অনিল কুম্বলের সঙ্গে নতুন করে চুক্তি করবে বলে জানা যায়।
গত ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে মাঞ্জেকরকে ৩৬ লাখ ৪৯ হাজার রুপি দেওয়া হয়েছিল। আর কুম্বলে পেয়েছিলেন ৩৯ লাখ ১০ হাজার রুপি। একই সিরিজে গাভাস্কারকে দিতে হয় ৯০ লাখ রুপি।
