ক্যারিবীয়ানদের জন্য পুরস্কার ঘোষণা বোর্ডের

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৯:০৭
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির শিরোপা জেতায় ড্যারেন স্যামিদের জন্য ১.৬ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডাব্লিউআইসিবি)।
 
রবিবার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ জেতার পর বোর্ডের তুমুল সমালোচনা করেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি বলেন, ‘ম্যাচ জয়ের পর গ্রানাডার প্রধানমন্ত্রীর ফোন পেয়েছি। কিন্তু এখনো পর্যন্ত বোর্ড আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তারা আমাদের শুধু অবহেলাই করেছে। কোনো খোঁজ নেওয়ার সময় নেই কর্মকর্তাদের। এমনকি ইউনিফর্ম পর্যন্ত নিজেরা জোগাড় করে খেলতে এসেছি আমরা।’
 
স্যামির এমন মন্তব্যের পরই টনক নড়ে ডাব্লিউআইসিবির। বিশ্বকাপ জয়ের পর এক বিবৃতিতে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মুইরহেড বলেন, ‘আমরা স্বীকার করছি, আমাদের সঙ্গে খেলোয়াড়দের ব্যবধান রয়েছে। তবে এই বৈরিতার অবসান ঘটানো সম্ভব। আর সে সময়টা এখনই।’
 
মুইরহেড আরো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ নারী ও পুরুষ দলকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছে বোর্ড।’ একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, এই জয়ে বোর্ডের অবদানও অস্বীকার করা যাবে না।