উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে কষ্টে হলেও প্রত্যাশিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। আর্তুরো ভিদালের একমাত্র গোলে বেনফিকাকে হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুতেই স্বাগতিক সমর্থকদের উল্লাসে ভাসান ভিদাল। বাঁ-দিক থেকে স্পেনের মিডফিল্ডার হুয়ান বের্নাতের ক্রস ছয় গজের বক্সের মাথায় লাফিয়ে উঠে হেডে বল জালে জড়ান চিলির এই মিডফিল্ডার। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর দুবার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বায়ার্ন। ২০তম মিনিটে টমাস মুলারের ভলি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন। আর ৩৬তম মিনিটে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট হেড করেন ভিদাল।
৪০তম মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন ফ্রাঙ্ক রিবেরিও। গত শনিবার লিগে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে দারুণ এক বাইসাইকেল-কিকে জয়সূচক গোল করা ফরাসি এই ফরোয়ার্ড এদিনও তেমনি এক গোলের চেষ্টা করেছিলেন, কিন্তু এ যাত্রায় সফল হননি। শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা সামলে বেনফিকা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিরতির আগ পর্যন্ত গোলেই শট নিতে পারেনি তারা। অতিথিরা ৫৬তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায়। তবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোনাসের শটটি ঠেকিয়ে দেন গোলরক্ষক মানুয়েল ন্যয়ার।
৬৮তম মিনিটে ফের বেঁচে যায় স্বাগতিকরা; বক্সে জটলার মধ্যে জোনাসের শট বায়ার্নের বদলি মিডফিল্ডার জাভি মার্টিনেজের বুকে লেগে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধে প্রতিরোধের মুখে পড়া বায়ার্ন শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধান রবের্ত লেভানদোভস্কির দুটি শট প্রতিহত হলে একমাত্র গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
দুবার ইউরোপ শ্রেষ্ঠত্বের শিরোপা জেতা বেনফিকা হারলেও প্রতিপক্ষের মাঠের এই ফলে তাদের অঘটন ঘটানোর স্বপ্ন টিকে থাকল। পর্তুগিজ ক্লাবটির মাঠে হতে যাওয়া ফিরতি লেগে জমজমাট এক লড়াইয়ের সম্ভাবনাও রইল।গোল.কম।
