প্রাচীন গ্রিসে খ্রীষ্ট জন্মের বহু আগে থেকেই চালু হয় অলিম্পিক। সে প্রায় ৭৭৬ খ্রীষ্ট পূর্বাব্দের কথা। তবে আধুনিক সময়ে এর জন্ম ধরা হয় ১৮৯৬-তে। জন্মদিন ৬ এপ্রিল। এই হিসেবেই দুনিয়ার অন্যতম সেরা এই ক্রীড়া প্রতিযোগিতার আজই ১২০তম জন্মদিন। গুগুল ডুডলে আজ তাই অলিম্পিকের ১২০তম বছরের উদযাপন।
গ্রীসের অলিম্পিকের ঐতিহ্য ফিকে হতে থাকে রোমান সাম্রাজ্যের উত্থানের সঙ্গে সঙ্গে। রাজা থিওডোসিয়াসের(প্রথম) আমল থেকে তা একেবারে বন্ধ হয়ে যায় বলেই মনে করা হয়। কয়েক শতক পরে ওয়েনলক শহরে ক্রীড়াচর্চায় উৎসাহ দিতে ফের এই প্রতিযোগিতা শুরু হয়। এবং এই শুরুর নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন উইলিয়াম পেনি ব্রুকস নামে এক চিকিৎসক। তবে তা ছিল অনেক ছোট মাত্রার।
১৮৫০ সালের এই শুরুই আজকের অলিম্পিকে রূপ নিয়েছে। মাঝে ছিল অনেক বাধা বিপত্তি। সব পেরিয়ে ১৮৯৬ সাল খেকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দায়িত্বে প্রথম ‘সামার অলিম্পিক' অনুষ্ঠিত হয়। ১০ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় ছিল ৯ রকমের খেলা। দারুণ সাফল্য পেয়েছিল সেই প্রতিযোগিতা। সুসংগঠিত ক্রীড়া প্রতিযোগিতার আঁচ পোয়াতে ক্রীড়ামোদির ভিড়ে উপচে পড়েছিল প্যানাথেনিয়াস স্টেডিয়াম।
সেদিনের সেই মুহূর্তটিই আধুনিক অলিম্পিকের জন্মদিন হিসেবে স্মরণীয় হয়ে আছে। গুগুল ডুডলে আজ তারই স্বীকৃতি।
