স্বাধীনতা কাপে শেখ রাসেলের জয়

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৭:৪৩
কেএফসি স্বাধীনতা কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচ জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে আরামবাগের বিপক্ষে ২-১ গোলের জয়ে বেশ ঘাম ঝড়াতে হয়েছে শেখ রাসেলকে।  মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তাদের শুরুটা হয়েছিল একদম অপ্রত্যাশিতভাবে।
 
খেলার তিন মিনিটের মাথাতেই নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার একন গোল করে আরামবাগকে এগিয়ে দেন। কিন্তু এ আনন্দের স্থায়িত্ব ছিল সামান্য সময়ই। তবে আরামবাগের উল্লাস শেষ না হতেই চার মিনিটের মাথায় ঢাকায় রাসেলের জার্সি গায়ে নিজের প্রথম গোলটি করেন ফিকরু।
 
প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়। দ্বিতীয়ার্ধেও দুই দল গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু খেলা শেষের ৮ মিনিট আগে ৮২ মিনিটে গোল করে দলকে কাঙ্ক্ষিত তিন পয়েন্ট এনে দেন নাইজেরিয়ান মিডফিল্ডার পল এমিল। তার গোলেই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রাসেল।