মুস্তাফিজুরের জার্সি নম্বর '৯০'

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ২২:১১
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগে (আইপিএল) '৯০' নম্বর জার্সি পরে মাঠ মাতাবেন বাংলাদেশের কাটার বয় মুস্তাফিজুর রহমান। সানরাইজ হায়দ্রাবাদের হয়ে মাঠে নামবেন তিনি।
 
বৃহস্পতিবার হায়দ্রাবাদের এক হোটেলে দলটির জার্সি উন্মোচন করা হয়। সেখানে নিজের জার্সি হাতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান মুস্তাফিজুর। তার পাশেই ছিলেন দলের আরেক তারকা পেসার ভারতের ভুবেনশ্বর কুমার। পেছনে ছিলেন দলের অন্যান্য খেলোয়াড়রাও।
 
২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মুস্তাফিজুরের। এরপর বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নিজের মতো করে শাসিয়েছেন তিনি। তার শাসনে বিধ্বস্ত ছিলো প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। তাই দ্রুতই বিশ্ব ক্রিকেটের সেরার কাতারে পৌঁছে যান মুস্তাফিজুর। এতে মুস্তাফিজুরের দিকে নজর পড়ে বিশ্ব ক্রিকেটের। তাই ঘরোয়া টি-২০ ক্রিকেট লীগের সবচেয়ে দামি আসর আইপিএল দল সানরাইজ হায়দ্রাবাদ কিনে নেয় কাটার বয় মুস্তাফিজুরকে।
 
গত ৬ ফেব্রুয়ারি আইপিএলের নিলামে ভিত্তিমূল্য ৫০ লাথ রুপি দিয়ে শুরু হয় মুস্তাফিজুরের বিকি-কিনি। তাকে দলে নেয়ার জন্য প্রথম ডাক দেয় হায়দ্রাবাদ। পরে মুস্তাফিজুরকে দলে নেয়ার জন্য লড়াইয়ে শামিল হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শেষ পর্যন্ত দু’দলের লড়াইয়ে জয়ী হয় হায়দ্রাবাদ। ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজুরকে দলে নিয়ে নেয় হায়দ্রাবাদ।