মুস্তাফিজে মুগ্ধ সানরাইজার্স কোচ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৬:৪৯
বাংলাদেশের নতুন পেস সেনশেসন মুস্তাফিজুর রহমানের প্রতিভা ও সামর্থ্যে মুগ্ধ  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ  টম মুডি। তিনি বলেন, আইপিএলে দ্রতই মানিয়ে নেবেন মুস্তাফিজ। ওয়ার্ল্ড টি-টোয়েন্টি খেলতে গিয়ে ভারত মাতিয়ে এসেছেন  কিছুদিন আগেই। সেসময়ই দলের নতুন সদস্যের সঙ্গে দেখা করেছেন সানরাইজার্স কোচ।
 
মুডি বলেন, ‘বিশ্বকাপের সময় মুস্তাফিজের সঙ্গে দেখা হয়েছে আমার। দারুণ প্রতিভাবান এক তরুণ সে। সুযোগটি নিতে সে মুখিয়ে থাকবে, চাইবে শিখতে।’
৩টি ম্যাচ খেলেই মুস্তাফিজ আলো ছড়িয়েছেন। নিয়েছেন ৯টি উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে তার ২২ রানে ৫ উইকেট ছিল এই টুর্নামেন্টের সেরা বোলিং।
 
গত জুনে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে আবির্ভাবের পর থেকেই ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছেন মুস্তাফিজ। গত ফেব্রুয়ারিতে আইপিএলের নিলামে ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় সানরাইজার্স। সদ্য সমাপ্ত বিশ্বকাপে মুস্তাফিজের পারফরম্যান্স আরও আশাবাদী করে তুলেছে তার দলকে।