গত বছরের অক্টোবর মাসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন ‘ব্ল্যাকবেরি প্রিভ’ বাজারে আনে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। এই ডিভাইসের মাধ্যমে স্মার্টফোনের বাজারে দীর্ঘ সময় ধরে খুঁড়িয়ে চলা ব্ল্যাকবেরি লাভের মুখ দেখে।
প্রিভ সাড়া জাগানোয় স্মার্টফোনের বাজারে আবারও ঘুরে দাঁড়ানোর জন্য আটঘাট বেঁধে নেমেছে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি চলতি বছরই মাঝারি বাজেটের দুটি ফোন আনতে যাচ্ছে।
দ্য ন্যাশনাল ওয়েবসাইটের সাথে আলাপকালে এসব কথা জানিয়েছেন ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী কর্মকর্তা জন চেন। মাঝারি বাজেটের অ্যান্ড্রয়েড ফোন আনার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন ব্ল্যাকবেরির এই হর্তাকর্তা।
চলতি বছরই মাঝারি বাজেটের অ্যান্ড্রয়েড ফোন আনা হবে বলে জানালেও নির্দিষ্ট দিন-ক্ষণ উল্লেখ করেননি জন চেন।
স্মার্টফোন দুটির কনফিগারেশনের ব্যাপারে কোনো তথ্য দেননি জন চেন। তবে তিনি জানিয়েছেন, আসন্ন ফোন দুটির দাম ৩০০ থেকে ৪০০ ডলারের মধ্যেই থাকবে। সূত্র- এনডিটিভি।
