এখন থেকে একই রকেট বার বার ব্যবহার করে মহাশূন্যযান পাঠানো যাবে। চার বারের ব্যর্থ চেষ্টার পর বেসরকারি মার্কিন মহাশূন্য গবেষণা কোম্পানি স্পেস এক্স এরকম একটি রকেট মহাশূন্যে পাঠানোর পর পুনরায় ব্যবহার উপযোগী অবস্থায় ফিরিয়ে আনতে সফল হয়েছে।
এতদিন নভোচারীদের বহনকারী শাটল যানটি ফিরিয়ে এনে বার বার ব্যবহার করা সম্ভব হলেও তাকে উৎক্ষেপণকারী রকেটটিকে একবারই ব্যবহার করা যেত।
ফুলিয়ে বসবাস করা যায় এমন একটি থাকার যায়গা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে দেয়ার পর ফ্যালকন ৯ রকেটটি সফলভাবে ফ্লোরিডার পার্শ্ববর্তী সাগরে একটি প্লাটফর্মে অবতরণ করেছে। নাসার হয়ে এই বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থাটি কাজ করছে।
আগামী দুই বছর মহাকাশচারীদের বসবাস করার যায়গাটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে। বিজ্ঞানীরা বলছেন, এটি সফল হলে মঙ্গলে মানুষ পাঠানোর দিকে একধাপ অগ্রগতি হবে। সূত্র: বিবিসি
