বাটনবিহীন কিবোর্ড আনছে অ্যাপল

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১০:০১
‘কি’ বা বাটন নেই এমন কিবোর্ড আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এর জন্য পেটেন্ট আবেদন করেছে মার্কিন এ প্রতিষ্ঠান। ইউএস পেটেন্ট এবং ট্রেডমার্ক অফিসের প্রকাশিত নথি থেকে এই তথ্য জানা গেছে।
 
২০১৫ সালের সেপ্টেম্বরে নতুন ধরনের এই কিবোর্ডের জন্য এ পেটেন্ট আবেদন করা হয়। তবে গত বৃহস্পতিবার বিষয়টি প্রথম প্রকাশ করা হয়।
 
দ্যা নেক্সট ওয়েব এক খবরে জানিয়েছে, ম্যাকবুকের জন্য ‘কি’ বা বাটনবিহীন কিবোর্ড আনছে প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এজন্যই একটি পেটেন্ট অনুমোদনের আবেদন করা হয়েছে।
 
ইউএস পেটেন্ট এবং ট্রেডমার্ক অফিসের প্রকাশিত নথি অনুযায়ী, পেটেন্ট আবেদনে টাচ-নির্ভর একটি কাস্টোমাইজেবল, স্বচ্ছ ও সমান পৃষ্ঠের ইলেকট্রনিক ডিভাইসের কথা বলা হয়েছে, এর যেখানেই চাপ দেয়া হোক না কেন সেটি প্রতিক্রিয়া দেখাবে।
 
নতুন ধরনের এই কিবোর্ড ব্যবহারকারীর ইনপুট নির্দেশনা নিজের মতো করে বদলাতে সক্ষম বলে নিউমেরিক কিপ্যাড, মাল্টিপল ট্র্যাকপ্যাড বা বিশেষ ডিভাইসের কিবোর্ড ‘কি’ নিজের মতো সাজানো যাবে। এর প্রতিটি বাটন দেখা ও এর সীমানা বোঝার জন্য নিচ থেকে একটি আলো দেখা যাবে। এতে কম ময়লা প্রবেশ করবে ফলে নষ্ট হওয়ার আশঙ্কা কম।
 
তবে শিগগিরই এই কিবোর্ড পাওয়া যাবে না। এর জন্য আরও বছর খানেক অপেক্ষা করতে হবে।