সিম নিবন্ধনে সচেতনতা ‍বৃদ্ধিতে দেশব্যাপী বাংলালিংকের রোড শো

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৭:২৯
মোবাইল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, বায়োমেট্রিক সিম রি-ভেরিফিকেশনের সচেতনতা বাড়াতে দেশব্যাপি একদিনের রোড শো-এর আয়োজন করেছে। রবিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর সচিবালয়ের ১ নং গেটের বিপরীত (ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে) থেকে রোড শো-টি শুরু হয়ে হাইকোর্ট-ঢাকা বিশ্ববিদ্যালয় মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়।
 
রোড শো-টি উদ্বোধন করেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, এমপি। রোড শো শেষে জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রোড শো এবং সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর সিসিও শিহাব আহমাদ।
 
জাতীয় ও ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে গ্রাহক তথ্য সংগ্রহ করে সিম নিবন্ধনে আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতির উদ্যোগ নেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ডিজিটাল বাংলাদেশ গড়ায় বাংলালিংক-এর অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগের শুরু থেকেই বাংলালিংক-এর কর্মী এবং গ্রাহকরা বায়োমেট্রিক সিম রি-ভেরিফিকেশনে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়। ২০১৫ সালের ডিসেম্বরে বায়োমেট্রিক রি-ভেরিফিকেশন চালুর পর থেকে এখন পর্যন্ত বাংলালিংক বায়োমেট্রিক রি-ভেরিফিকেশন এক কোটির ৬০ লাখেরও বেশি ছাড়িয়েছে, যা বাংলালিংক-এর গ্রাহক সংখ্যার প্রায় ৪৯%। 
 
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘ভুয়া পরিচয় এবং নিবন্ধন না করে সিম কিনে অপরাধীদের ব্যবহার ঠেকাতে বায়োমেট্রিক সিম রি-ভেরিফিকেশন কাজ দ্র্রুত এগিয়ে চলছে। এ কার্যক্রম সফল করতে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের অ্যাকশন প্ল্যান নিয়েছে। আমি আশা করি, বায়োমেট্রিক সিম রি-ভেরিফিকেশনের সচেতনতা বাড়াতে দেশব্যাপি বাংলালিংক এর রোড শো রেজিস্ট্রেশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে নতুন মাত্রা যোগ করবে”। তিনি আরও বলেন, “গ্রাহকের আঙুলের ছাপ সংরক্ষণের কারিগরি সক্ষমতা প্রতিষ্ঠানগুলোর নেই। গ্রাহকের তথ্য খুচরা বিক্রেতাদের ডিভাইসে দেওয়ার পর তা আভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সার্ভারে চলে যায়।’
বাংলালিংক-এর সিসিও শিহাব আহমাদ বলেন, “বায়োমেট্রিক সিম রি-ভেরিফিকেশন বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ডিসেম্বর থেকে বাংলালিংক দেশব্যাপি সিম রি-ভেরিফিকেশনের কাজ দ্রুততার সঙ্গে করে যাচ্ছে। দেশের ৭টি বিভাগসহ সকল জেলায় বাংলালিংক-এর রোড শো বায়োমেট্রিক সিম রি-ভেরিফিকেশনের কাজকে সারা দেশে ছড়িয়ে দেবে”।
 
তিনি আরও বলেন, ‘বাংলালিংক বায়োমেট্রিক সিম রি-ভেরিফিকেশনে কোন গ্রাহকের আঙুলের ছাপ সংরক্ষণ করছে না। সকল উদ্বেগ আর জল্পনা-কল্পনা বাদ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই সিম রি-ভেরিফিকেশনের কাজ সম্পন্ন করতে আমরা বাংলালিংক-এর সকল গ্রাহকদের আহ্বান জানাচ্ছি।’
IMG0
সকাল ১০টায় ময়মনসিংহ শহরের রেল স্টেশন পয়েন্ট থেকে রোড শো টি শুরু হয়ে টাউন হলে মোড়ে এসে শেষ হয়। এসে বাংলালিংক-এর কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অন্যদিকে শহরের মেহেন্দিবাগ থেকে রোড শো-টি শুরু হয়ে আম্বারখানা পয়েন্টে এশে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন। একই সময়ে রাজশাহী শহরের আলু পট্টি থেকে রোড শো-টি শুরু হয়ে সিএনবি মোড়ে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মো. মনিরুজ্জামান। এছাড়া চট্টগ্রাম শহরের জামাল খান রোড থেকে রোড শো-টি শুরু হয়ে হাটহাজারীতে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাসিরউদ্দিন। বিকাল ৪টায় বরিশাল শহরের হাতেম আলী কলেজ চৌ মাথা থেকে রোড শো-টি শুরু হয়ে রুপাতলী সদর রোড নতুল্লাবাদে শেষ হয়। এতে বাংলালিংক-এর কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
খুলনা শহরের শিব বাড়ী মোড় থেকে রোড শো-টি শুরু হয়ে ডাক বাংলা মোড় হয়ে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। রংপুর শহরের টাউন হল থেকে রোড শো-টি শুরু হয়ে জেলা স্কুল মোড়ে এসে শেষ হয়। এতে বাংলালিংক-এর কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।