বর্ষবরণে যৌন হয়রানির বিচার শুরু জার্মানিতে

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৮:০৮
জার্মানির ডুসেলডর্ফ শহরে বর্ষবরণের রাতে যৌন হয়রানির অভিযোগে এক মরক্কোর নাগরিকের বিচার শুরু হয়েছে। এর মাধ্যমে ওই ঘটনার আনুষ্ঠানিক বিচার শুরু হল। নজীরবিহীন ওই ঘটনা পুরো জার্মানিকে স্তম্ভিত করেছিল।
 
যৌন হয়রানির শিকার এক নারী টিভিতে হামলাকারীকে সাক্ষাতকার দিতে দেখে চিনে ফেলেন। তৌফিক এম নামের ওই ৩৩ বছরের ব্যক্তি প্রায় ২০ জনের একটি দল নিয়ে নারীদের ঘিরে ধরে হয়ারানী করছিলেন।
 
যৌন হয়রানির অধিকাংশ ঘটনা ঘটেছিল জার্মানির কোলন শহরে। সেখানে পুলিশের কাছে এরকম সাড়ে পাঁচশ হামলার অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে উত্তর আফ্রিকার দেশগুলো থেকে আসা বেশকিছু অভিবাসীর বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে।
 
পুলিশ জানিয়েছে, বেশিরভাগ হামলাকারীকে হয়তো কখনই বিচারের আওতায় আনা সম্ভব হবে না। রাতের অন্ধকারে হামলাগুলো হওয়ায় বেশিরভাগ অপরাধীই ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন। সূত্র: বিবিসি