বাংলা ও বাঙ্গালীর বৃহত্তম আবেগ পহেলা বৈশাখ রমনার বটমূল ছাড়িয়ে ধরা দিল শিল্প সংস্কৃতির শহর প্যারিসে। তাইতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম রণাঙ্গন প্যারিসের স্টালিংগ্রাদ (রাশিয়ার একটি শহরের নামানুসারে প্যারিসের মেট্রোস্টেশন) পার্কে মিলিত হল হাজারো বাঙালি। সত্য সুন্দর আর অসাম্প্রদায়িকতার দৃঢ় শপথে বরণ করে নিল বাংলার সার্বজনীন উৎসব বাংলা নববর্ষকে। মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে প্যারিসের স্টালিংগ্রাদ পার্ক মুখরিত হলো হাজারো বাঙালির পদচারনায়।
IMG0
বাংলাদেশে পহেলা বৈশাখ ১৪ এপ্রিল পালিত হলেও ফ্রান্সে ঐদিন কর্মদিবস থাকাতে সাপ্তাহিক ছুটির দিন রবিবার পহেলা বৈশাখ উদযাপন করল ফ্রান্সের প্রবাসী বাঙ্গালীরা।
১৭ এপ্রিল দুপুর বারোটা থেকে এই উৎসবের আয়োজন করে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি শিল্পী গোষ্ঠী। উৎসবে হাজারো প্রবাসীর পদচারনায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বাঙালিদের পাশাপাশি উৎসবে প্রচুর সংখ্যক ফরাসীদের অংশগ্রহন ছিল লক্ষ্যনীয়।
ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম উৎসবে উপস্থিত হয়ে ফ্রান্সের সকল বাংলাদেশিকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি এমদাদুল স্বপন ও সাধারন সম্পাদক এম মোহাম্মদ আলী।
IMG1
বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি মোহাম্মদ হজরত আলী খানের কবিতা আবৃত্তির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃ্ত্য পরিবেশন করেন প্যারিসের জনপ্রিয় শিল্পীরা। অনুষ্ঠানের শুরুতেই স্বরলিপি শিল্পিগোষ্ঠীর সদস্যরা আগত অতিথি এবং প্যারিসে অবস্থানরত সকল সংবাদকর্মীদের শুভেচ্ছা জানান।
ফ্রান্সে বৈশাখী উৎসবের প্রতিষ্ঠাতা মরহুম শহিদুল আলম মানিককে স্মরণ করা হয়। উৎসবে এ সময় মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ ইকনোমিক চেম্বারের চেয়্যারম্যান কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ সেলিম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, কমিউনিটি নেতা আ খ ম সেলিম, ফ্রান্স বাংলাদেশ ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুব্রত ভট্রাচার্য শুভ, অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শরীফ আল মোমিন, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি নূরুল ওয়াহিদসহ আরো অনেকে।
IMG2
উৎসবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী শাহাদাত হোসাইন। বাঙালির এ প্রাণের উৎসবে পান্তা ইলিশের পাশাপাশি বাংলাদেশি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে প্রবাসীদের অংশগ্রহন করতে দেখা যায়।
