কাবুলে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৮:৫৮
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সরকারি নিরাপত্তা সংস্থার ভবনে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৮। আহত হয়েছে ৩২০ জনের বেশি মানুষ।মঙ্গলবার একথা জানান কাবুলের পুলিশ প্রধান আব্দুল রহমান রহিমি। ইতোমধ্যে জঙ্গি সংগঠন তালেবান হামলার দায় স্বীকার করেছে।
 
পুলিশ প্রধান রাহিমি জানান, হতাহতদের মধ্যে রয়েছে সাধারণ মানুষ এবং আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরাও।
 
মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে আত্মঘাতী গাড়ি বোমা দিয়ে হামলা শুরু হয়। এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তালেবান তাদের পশতু ভাষার ওয়েবসাইটে বলেছে, তারা এনডিএস (ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি)’র ‘ডিপার্টমেন্ট ১০’ ইউনিটে হামলা চালিয়েছে। সরকারের মন্ত্রী এবং ভিআইপি দের সুরক্ষা দেওয়া এ ইউনিটের কাজ।
 
সাইটে তালেবান আরও জানায়, আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়ে প্রথমে কার্যালয়ের মূল ফটক উড়িয়ে দেওয়া হয়। এ সময় আরও আত্মঘাতী বোমারুসহ অন্যান্য তালেবান যোদ্ধারা ভবন চত্বরে ঢোকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।