ফিদেল কাস্ত্রোর বিরল ভাষণে মৃত্যুচিন্তা

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৪:২৩
কিউবার বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রো দেশটির কমিউনিস্ট পার্টির কংগ্রেসের শেষদিন বিরল ভাষণ দিয়েছেন। বিবিসি বলছে, ৮৯ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট নিজের বয়স সম্পর্কে সচেতন হয়েও বলেছেন, কিউবার সাম্যবাদী ধারণা এখনো কার্যকরী এবং কিউবার জনগণ বিজয়ী হবে।
 
 
ভাষণে ফিদেল কাস্ত্রো বলেন, আর কিছুদিন পরই আমার বয়স হবে ৯০। এটি এমন এক বিষয় যা আমি কখনো কল্পনাও করিনি। এই দীর্ঘায়ু কোনো প্রচেষ্টার ফল নয়, এটি ভাগ্যের। তিনি আরো বলেন, খুব সহসাই আমি আর সবার মতোই হয়ে যাবো। পালা করে আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই তা আসবে।
 
কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন ফিদেল কাস্ত্রোর ভাষণটি সরাসরি সম্প্রচার করে। এ সময় দর্শক-শ্রোতার আসনে থাকা অন্ততপক্ষে একব্যক্তিকে কাঁদতে দেখা গেছে। পাঁচ বছর পরপর হওয়া কিউবার কংগ্রেসে এবার ফিদেল কাস্ত্রোর দেওয়া ভাষণকে কোনো কোনো বিশ্লেষক ‘বিদায়ী ভাষণ’ বলে মনে করছেন। কিউবার কমিউনিস্ট পার্টির কংগ্রেসে এর আগেই ঘোষণা করা হয়েছিল, দেশটির বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো আর পাঁচ বছর মেয়াদে দলের প্রধান থাকবেন।
 
 
৮৪ বছর বয়সী রাউল কাস্ত্রোর ২০১৮ সালে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর কথা রয়েছে। কিউবার আইন অনুযায়ী দলের সম্পাদক প্রেসিডেন্টের মতোই ক্ষমতাশালী বলে বিবেচনা করা হয়। ফলে আরেক মেয়াদে রাউলই দলের প্রধান থেকে যাওয়ার ঘটনা খুবই অর্থপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাউল কাস্ত্রো সপ্তাহের শেষে প্রস্তাব করেন, পার্টির কেন্দ্রীয় কমিটিতে যোগ দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬০ বছর নির্ধারণ করা উচিৎ।
 
কিউবার নেতৃত্বে বেশি বয়সী ব্যক্তির সংখ্যা চোখে পড়ার মতো। দলে রাউলের ডেপুটি হোসে র‌্যামন মাচাদো ভেনচুরার বয়স ৮৫। তবে ওই প্রস্তাবের পাশাপাশি তিনি বলেছেন, এটি বাস্তবায়নে আরও পাঁচবছর সময় নেওয়া দরকার।
 
রাউল কাস্ত্রো ২০২১ সাল পর্যন্ত দলের নেতা হিসেবে বহাল থাকবেন। এই সিদ্ধান্তের ফলে কিউবানদের অনেকেই হতাশ হয়েছেন বলে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন। কারণ তারা মনে করেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কোন্নয়নের কারণে দেশটির কমিউনিস্ট পার্টিতে নতুন প্রজন্মের অন্তর্ভুক্তি হবে এবং সংস্কার ঘটবে। বিবিসি।