বেলজিয়ামকে পারমাণবিক চুল্লি বন্ধ রাখতে বলল জার্মানি

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৯:৩৫
নিরাপত্তাজনিত কারণে বেলজিয়ামকে তার পরমাণু চুল্লি সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানিয়েছে জার্মানি। এছাড়া ডাচ রাজনীতিকরাও উভয়দেশের সীমান্ত সংলগ্ন দোয়েল পরমাণু কেন্দ্রের নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।
 
১৯৭০ দশকের মাঝামাঝি সময়ে নেদারল্যান্ড সীমান্তের কাছে এটি প্রতিষ্ঠা করা হয়। চুল্লিটির অনেক যন্ত্রপাতি এখন পুরানো হয়ে গেছে।
 
জার্মানির পরিবেশমন্ত্রী বারবারা হেনড্রিক্স বুধবার জানান, নিরাপত্তাজনিত কারণে বেলজিয়ামের দু’টি পরমাণু চুল্লি বন্ধের অনুরোধ জানানো হয়েছে। এর একটি হচ্ছে দোয়েল ৩ ও তিহানজি ২। কেননা এ দু’টির পরমাণু চুল্লির প্রেসার ভেসেলের দেয়ালে ত্রুটি ধরা পড়েছে। ২০১২ সাল থেকেই এটি বন্ধ ছিল। কিন্তু গত বছরের শেষ দিকে জার্মানি ও নেদারল্যান্ডের উদ্বেগ সত্ত্বেও বেলজিয়াম তা আবার চালু করে।
 
পুনরায় ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা না হওয়া পর্যন্ত এ দু’টি পরমাণু চুল্লি বন্ধ রাখা উচিত বলে হেনড্রিক্স উল্লেখ করেন। সূত্র: বিবিসি