পশ্চিমবঙ্গে বিধান তৃতীয় দফার ভোটগ্রহণে সহিংসতা, নিহত ১

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৪:৪২
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সাতটি আসনসহ মুর্শিদাবাদ, নদীয়া ও বর্ধমান জেলার ৬২টি আসনে ভোট হচ্ছে।
 
 
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাতটায় কড়া নিরাপত্তার মধ্যে ভোট শুরু হয়। ইতোমধ্যে কিছু এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সরকারি দলের কর্মীরা বাম ও কংগ্রেসের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রের শিরোপাড়ায় একটি ভোটকেন্দ্রের সামনে সিপিএমের এক পোলিং এজেন্টকে গুলি করে হত্যা করা হয়েছে। সিপিএমের অভিযোগ, তাদের কর্মীকে তৃণমূলের সমর্থকেরা গুলি করে হত্যা করেছে।
 
ডোমকলের দক্ষিণ নগরে বোমায় জখম হয়েছেন তৃণমূলের এক কর্মী। ডোমকল এমনিতেই মুর্শিদাবাদের স্পর্শকাতর কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। তার মধ্যে এবার দীর্ঘদিনের বাম বিধায়ক তথা রাজ্যের সাবেক মন্ত্রী আনিসুর রহমানের বিরুদ্ধে ডোমকলে লড়ছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি মান্নান হোসেনের পুত্র সৌমিক হোসেন। ফলে ডোমকলের উত্তেজনা এবার এমনিই বেশি। 
 
কংগ্রেস এবং বামেদের অভিযোগ, ডোমকলের বিভিন্ন এলাকায় সকাল থেকেই সন্ত্রাস সৃষ্টির চেষ্টার করছে তৃণমূল। শিরোপাড়ায় ভোটারদের বুথে যেতে তৃণমূল বাধা দিচ্ছিল বলে অভিযোগ ওঠে। কংগ্রেস এবং বামেরা এর প্রতিবাদ করে।  অভিযোগ উঠেছে, ভোট শুরুর আগে থেকেই কলকাতা এবং জেলার বিভিন্ন এলাকায় মরিয়া হয়ে বুথ দখলের চেষ্টা শুরু করে তৃণমূল। বেলেঘাটা এবং বেলগাছিয়া সবচেয়ে উত্তপ্ত। বেলেঘাটায় বিভিন্ন বুথ থেকে সিপিএমের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। বেলগাছিয়াতেও অন্তত ৫টি বুথে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা দেয় তৃণমূল। স্থানীয় তৃণমূল কাউন্সিলর গৌতম হালদার নিজে দাঁড়িয়ে থেকে বাম এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। তবে পুলিশি তৎপরতায় বেলগাছিয়ার সব বুথেই শেষ পর্যন্ত ঢুকতে পেরেছেন বাম এজেন্টরা।
 
কলকাতায় আজ তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধন পান্ডে, নয়না বন্দ্যোপাধ্যায়, স্বর্ণকমল সাহা, পরেশ পাল, স্মিতা বক্সি ও মালা সাহা। এন্টালিতে সিপিএম প্রার্থী হয়েছেন প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস। চৌরঙ্গিতে কংগ্রেসের হয়ে লড়ছেন সোমেন মিত্র ও জোড়াসাঁকোতে বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। কলকাতার সাতটি কেন্দ্র ছাড়াও মুর্শিদাবাদের ২২টি, নদীয়ার ১৭টি ও বর্ধমানের ১৬টি বিধানসভা আসনেও আজ ভোট হচ্ছে।
 
মুর্শিদাবাদ, নদীয়া ও বর্ধমান জেলায় যে তারকা প্রার্থীদের আজ ভাগ্য নির্ধারিত হবে, তাদের মধ্যে রয়েছেন কংগ্রেসের মোহাম্মদ সোহরাব, আবু হেনা, মনোজ চক্রবর্তী, অপূর্ব সরকার, শঙ্কর সিংহ। তৃণমূলের রুকবানুর রহমান, উজ্জ্বল বিশ্বাস, রবিরঞ্জন চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরী।
 
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই দফায় তিন পর্বে ১০৫টি আসনের নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজ ৬২টি আসনে ভোট হচ্ছে। বাকি থাকছে ১২৭টি আসন। ৬২টি আসনের নির্বাচনে প্রার্থী সংখ্যা ৪১৮। ভোটার ১ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৫৯৫ জন। ১৬ হাজার ৪৬২টি বুথে ভোট নেওয়া হচ্ছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে ৭১ হাজার কেন্দ্রীয় বাহিনী ও ২৫ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। ১ হাজার ৫৩১টি বুথে স্থাপন করা হয়েছে সিসিটিভি।