শিক্ষক হত্যা

রাবি শিক্ষকদের ক্লাস বর্জনের ঘোষণা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৪:৩৯
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিমকে গলা কেটে হত্যার প্রতিবাদে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে রাবি শিক্ষক সমিতি। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে এই ঘোষাণা দেয়া হয়।
 
সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শাহ্ আজম শান্তনু বলেন, শনিবার দুপুর ১২টা থেকে রবিবার দিনব্যাপী ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বারবার এই ধরনের ঘটনার কোনো বিচার হয় না। আন্দোলন থেমে যায়। কিন্তু এবার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
 
তিনি বলেন, হত্যাকান্ডের বিচার দাবিতে আগামীকাল সকাল ১০টায় প্রতিবাদ র্যালি ও মানববন্ধন করা হবে।
 
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে নগরীর শালবাগান এলাকায় ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।