বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর ট্রাকের চালকসহ আরো দুইজন। নিহত তারা মিয়া (৩৪) সিমেন্ট বোঝাই ট্রাকের চালক। তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার গুচ্ছগ্রামের চাঁন মিয়ার ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলাধীন ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত অপর দুইজন পাথর বোঝাই ট্রাকের চালক ও হেলপার। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ওই মহাসড়কের নয়মাইলের উত্তরে রাজিত পাম্পের সামনে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে বগুড়ামুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিমেন্ট বোঝাই ট্রাকের চালক তারা মিয়া ঘটনাস্থলেই মারা যান। অপর ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক দুটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
