কম্পিউটার গেমে বুঁদ। প্রায় নেশার মতো মজে যাওয়া। আর তাতে বাধা পেতেই বাধল বিপত্তি। এমনকি, দু'বছরের মেয়েরও রেহাই মিলল না! বাবার কম্পিউটার গেম খেলায় বাধা দেয়ায় খুন হল একরত্তি এলি স্যান্ডার্স। অভিযুক্ত তার বাবা অ্যান্থনি মাইকেল স্যান্ডার্স।
কম্পিউটার গেমে প্রায়শই এরকমই ডুবে থাকতেন অ্যান্টনি। এই ঘটনা ঘটার দিন তার স্ত্রী গিয়েছিলেন এক প্রদর্শনীতে। ছেলে ব্যাবক ও মেয়ে এলির দেখভালের দাযিত্ব ছিল তারই। অ্যান্থনির ছেলে তার বোনকে বিছানায় নিথর দেহে আবিষ্কার করে।
পুলিশকে সে জানিয়েছে, বোন ঘুমোচ্ছে মনে করে সে ডাকাডাকি শুরু করে, কিন্তু বোন কোনও সাড়া দেয়নি। ততোক্ষণে অবশ্য মৃত্যু হয়েছে এলির। পুলিশ এসে ছোট্ট এলির ঘাড়ে একাধিক কামড়ের দাগ দেখে। তার কানের পিছনে রক্ত জমে থাকতেও দেখা যায়।
পুলিশের অনুমান, বাবার কম্পিউটার গেম খেলায় কোনোভাবে বাধা দেয় এলি। আর তাতেই অ্যান্থনি খেপে গিয়ে তার এই অবস্থা করেন। পুলিশের ধারণা, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে এলিকে।
যথারীতি অ্যান্থনি অভিযোগ অস্বীকার করেছেন। জানিয়েছেন, তার স্ত্রী ফেরার আধঘণ্টা আগে তিনি বাচ্চার ডায়াপার পাল্টে দিয়েছিলেন।
গোয়েন্দাসূত্রের খবর, এলির শরীরে কামড়ের দাগগুলি কোনো পরিণত মানুষেরই। ওই ঘরে অ্যান্থনি ছাড়া আর কোনও পরিণতবয়স্ক মানুষ ছিলেন না। যদিও বাচ্চার শরীরের ক্ষতগুলির কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি অ্যান্থনি। খবর- টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি'র।
