ওয়ানপ্লাস থ্রি-তে থাকবে ৬জিবি র‍্যাম

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১২:২৪
বর্তমানে স্মার্টফোনের বাজার বিপুল প্রতিযোগিতাপূর্ণ। স্যামসাং, গুগল, অ্যাপল, এইচটিসির মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এই প্রতিযোগিতায় শামিল হচ্ছে নতুন নতুন অনেক প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে প্রয়োজনীয় সব চেষ্টাই করে যাচ্ছে এসব প্রতিষ্ঠানও। এমনই এক প্রতিষ্ঠান ওয়ানপ্লাস।
 
২০১৩ সালে যাত্রা শুরু করা ওয়ানপ্লাস বর্তমানে স্মার্টফোন বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। ওয়ানপ্লাস এরই মধ্যে চীন, ভারত, অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হংকং, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, তাইওয়ান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে স্মার্টফোন বিক্রি করে বেশ সাড়া জাগিয়েছে।
 
নিজেদের এই জনপ্রিয়তাকে আরও বিস্তৃত করতে 'ওয়ানপ্লাস থ্রি' স্মার্টফোন নিয়ে কাজ করছে ওয়ানপ্লাস। এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এই চীনা প্রতিষ্ঠান। তবে সম্প্রতি প্রতিষ্ঠানটির নতুন ডিভাইসটির স্পেশিফিকেশনের তথ্য ফাঁস হয়ে গেছে অনলাইনে।
 
ফাঁস হওয়া তথ্যমতে, ওয়ানপ্লাস থ্রি-তে ৬ জিবি র‌্যাম থাকবে। অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ডিভাসে ফোর কোরের কোয়ালকমের ১.৫৯ গিগাহার্জ থাকবে। এতে ভিডিও করা ও ছবি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
 
গিক বেঞ্চ এবং জিএফক্স বেঞ্চ নামের দুই ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে। সাইট দুটিতে ওয়ানপ্লাস থ্রি-কে 'রেইন রেইন' এ৩০০০ নামে তালিকাভুক্ত করা হয়েছে।
 
ডিভাইসটির দাম কেমন হবে বা কবে এটি উন্মোচন করা হবে -এসব নিয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র- বিজিআর ও এনডিটিভি।