স্ত্রীকে যৌন হয়রানি, মামলা করায় স্বামীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৯:২৫
 
মুলাদীতে মাহফুজা বেগম নামের এক গৃহবধূকে অব্যাহত যৌন হয়রানির ঘটনায় মামলা দায়ের করায় তার স্বামী রিপন সরদারকে (৪৫) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে ছবিপুর গ্রামে এ হত্যাকাণ্ডের পর পুলিশ বিকেলে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত রিপন ওই গ্রামের আব্দুর জব্বার সরদারের পুত্র।
 
নিহতের বোন মাহফুজা বেগম বলেন, রিপন ঢাকায় ভ্যান চালাতো। এ সুযোগে প্রতিবেশী সাহাদাত হোসেন দীর্ঘদিন থেকে রিপনের স্ত্রী তিন সন্তানের জননী লিপি বেগমকে যৌন হয়রানি করে আসছিলো। বিষয়টি একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েও কোনো প্রতিকার মেলেনি। পরে উপায় না পেয়ে কয়েকদিন পূর্বে তার ভাই রিপন থানায় মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাহাদাত হোসেন ও তার সহযোগী ফারুক, যুবরাজ, তাহের এবং তাদের সহযোগীরা বুধবার সকালে রিপনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। আহত রিপনকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর দুপুর দেড়টায় তার মৃত্যু হয়।
 

মুলাদী থানার ওসি মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত রিপন সরদারের স্ত্রী লিপি বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।