গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর আর নেই

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০৮:৪৫

ভারতে গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর আর নেই। এর আগে তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। দীর্ঘদিন অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর।

তার মৃত্যুতে আজ সোমবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। সকাল ১১টায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিশেষ শোকসভার আয়োজন হবে বলেও জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

গত বছরের ফেব্রুয়ারি থেকে অসুস্থ ছিলেন মনোহর পর্রীকর। মার্চে চিকিৎসা করাতে যুক্তরাষ্ট্রে যান তিনি। গত বছর সেপ্টেম্বরে দিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন। গোয়া ফেরেন অক্টোবরে। সেই অবস্থাতেই বাড়ি থেকে কাজ সামলাচ্ছিলেন। দিল্লির হাসপাতালেও যাচ্ছিলেন। গত মাসে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। গতকাল সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

আরো পড়ুন: গোটা বিশ্বে হিরো ‘ডিম বালক’

পর্রীকরের মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীসহ অনেকে শোক প্রকাশ করেছেন।

গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দিগম্বর কামনাথের নাম আলোচনায় আছে। তিনি বর্তমানে কংগ্রেস নেতা। বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর পাওয়া গেছে। -এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা

ইত্তেফাক/এমআর