জার্মানিতে বোরকা নিষিদ্ধের দাবি ডানপন্থী এএফডি পার্টির

আপডেট : ০২ মে ২০১৬, ১৮:১৪
বোরকা পরার ওপর নিষেধাজ্ঞা দাবি করে দলীয় মেনিফেস্টো প্রকাশ করেছে উগ্র ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। দলের সম্মেলনে জার্মানিতে আজান, মসজিদের মিনারসহ সব ধরনের ইসলামি প্রতীকের ওপরও নিষেধাজ্ঞা চেয়েছে তারা।
 
জার্মানিতে অভিবাসীদের চাপ ও প্যারিস হামলার পর থেকে জনপ্রিয়তা পেয়েছে এএফডি। অ্যাঙ্গেলা মের্কেল সরকারের অভিবাসন নীতির তীব্র বিরোধী তারা।
 
'ইসলাম জার্মানির অংশ নয়' শিরোনামের মেনিফেস্টোটি প্রায় আড়াই হাজার ডেলিগেটের ভোটে পাশ হয়। জঙ্গিবাদ মোকাবেলায় দেশটির মুসলিম কমিউনিটির সঙ্গে আলোচনারও সমালোচনা করেন তারা।
 
দলটির একজন পার্লামেন্ট সদস্য বলেন, 'ইসলাম আমাদের দেশের অংশ নয়। তাই ধর্মীয় স্বাধীনতার কথা বলে ইসলাম ও খ্রিস্টান ধর্মকে এক কাতারে ফেলা উচিত হবে না।'
 
তবে বিনা বাধায় দলটি সম্মেলন আয়োজন করতে পারেনি। সম্মেলনে যোগ দিতে আসা ডেলিগেটদের সম্মেলনস্থলে বামপন্থীদের বাধার মুখে পড়তে হয়। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ায় বিক্ষুব্ধরা।
 
জার্মানিতে প্রায় ৪০ লাখ মুসলমানের বসবাস যা দেশটির মোট জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ। -এক্সপ্রেস