স্ত্রীর ওপর অভিমানে যুবলীগ নেতার আত্মহত্যা

আপডেট : ০৬ মে ২০১৬, ১৬:৩১
রাজশাহী নগরীতে এক যুবলীগ নেতা আত্মহত্যা করেছেন।  আত্মহত্যাকারী ওই যুবলীগ নেতার নাম রবিউল রহমান আপেল (৩৮)। তিনি নগরীর রাজারহাতা এলাকার বাসিন্দা। ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি তিনি।
 
আপেল স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
 
শুক্রবার বেলা ১২টার দিকে নিজ শয়নকক্ষে সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
 
জানা গেছে, কয়েক দিন আগে আপেলের স্ত্রী আরিফা বেগম স্বামীর ওপর অভিমান করে বাবার বাড়ি নগরীর সবজিপাড়ায় চলে যান। এরপর থেকে আপেল তার স্ত্রীকে আনার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকেন। শুক্রবার সকালেও আপেল শ্বশুরবাড়ি যান। এ সময় তিনি স্ত্রীকে তার নিজ বাড়ি নিয়ে যাবার চেষ্টা করেন। কিন্তু স্ত্রী আরিফা আপেলের সঙ্গে যাননি।
 
এর ফলে অভিমান করে আপেল বাড়িতে ফিরে নিজ কক্ষের দরজা ভেতর থেকে লাগিয়ে দিয়ে ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে  আত্মহত্যা করেন।
 
পরে তার আট বছর বয়সি মেয়ে অন্তরা বাবাকে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখে। এরপরে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে যুবলীগ নেতা আপেলকে উদ্ধার করেন।
 
রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী জানান, রবিউল রহমান আপেল পারিবারিক কারণেই আত্মহত্যা করেছেন।
 
বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।