হ্যাকিং ঝুঁকিতে রয়েছে বিশ্ব জুড়ে ব্যবহৃত হাজার হাজার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস। নিরাপত্তা ত্রুটি সারাইয়ে কোনো প্যাচ ঠিক না করায় এসব ডিভাইস বিগত পাঁচ বছর ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। এতে হামলা চালিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গায়েব বা ফাঁস করে দিতে পারে হ্যাকাররা। এক দল নিরাপত্তা গবেষক এসব তথ্য জানিয়েছেন।
নিরাপত্তা গবেষণাকারী প্রতিষ্ঠান ফায়ারআই-এর এক ব্লগ পোস্টে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসের এই অরক্ষিত অবস্থার সুযোগ নিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত এসএমএস ডেটাবেজ ও কল হিস্টোরি'তে হানা দিতে পারে হ্যাকাররা। এমনকি, ডিভাইসের সেটিংস সিস্টেমকেও পাল্টিয়ে দিতে পারে।
ফায়ারআই-এর মতে, এই নিরাপত্তা সমস্যা রয়েছে কোয়ালকমের এক সফটওয়্যারে, যা বিভিন্ন মডেলের হাজার হাজার অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসে জুড়ে দেয়া আছে।
ফায়ারআই-এর নিরাপত্তা গবেষকদের মতে, পুরনো সংস্করণের অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসগুলোই অতি মাত্রায় হ্যাকিং ঝুঁকিতে রয়েছে। তবে নতুন সংস্করণের অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসও এই ঝুঁকির বাইরে নও।
গবেষকরা আরও স্পষ্ট করে জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ললিপপ (৫.৫), কিকক্যাট (৪.৪), জেলি বিন এমআর২(৪.৩) চালিত স্মার্টফোন ও ট্যাবলেট অধিক ঝুঁকিতে রয়েছে। সূত্র- দ্য নেক্সট ওয়েব ডটকম।
