কেএফসি রেস্টুরেন্টে ঢুকলে খাবারের মেন্যুতে চমক তো থাকেই, সঙ্গে আরও কিছু বিষয় নজরে পড়ে যা সাধারণত অন্য রেস্টুরেন্টে দেখা যায় না। এই যেমন কাউন্টারে আপনার অর্ডার নেন মূক ও বধিররা।
তবে এবার আর মূক ও বধিররা নয়; অর্ডার নেবে রোবট! হ্যাঁ, ঠিকই পড়েছেন। রোবটকে বলবেন কী কী খেতে চান। তার কাছে অর্ডার দিলেই মিলবে পছন্দের ফ্রায়েড চিকেন!
চীনের সাংহাইয়ের একটি কেএফসি রেস্টুরেন্টে এমনই এক রোবটকে রাখা হচ্ছে।
চীনা ওয়েবসাইট বাইডুর সঙ্গে গাঁটছড়া বেঁধে রোবটটি উদ্বোধন করেছে কেএফসি। কোম্পানির লোগোর রং মিলিয়ে রোবটেরও গায়ের রং হয়েছে সাদা ও লাল।
কাউন্টারে দাঁড়িয়ে খাবারের অর্ডার নেবে এই রোবট। মোবাইল অ্যাপের মাধ্যমে বিল মেটাতে হবে ক্রেতাদের। যতক্ষণ না পর্যন্ত খাবার মুখের সামনে হাজির হবে, ততক্ষণ ক্রেতাদের বিনোদনের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। মোবাইল চার্জারের সঙ্গে মিউজিক সিস্টেম সংযুক্ত থাকবে। মোবাইল চার্জে বসালেই শোনা যাবে গান। তার মধ্যেই তৈরি হয়ে যাবে অর্ডার দেওয়া সুস্বাদু খাবার।
কেএফসি’র পক্ষে জানানো হয়েছে, রোবটটি ক্রেতাদের সঙ্গে কথোপকথনের সময় ভাষা বা উচ্চারণে পরিবর্তন করতে পারবে না।
কেএফসি কর্তৃপক্ষের আশা, যেভাবে প্রযুক্তির উন্নতি হচ্ছে তাতে প্রতিটি রেস্টুরেন্ট চালাবে রোবটই।
