চুরি করা সম্পদ ব্রিটেনের কাছে ফেরত চাইলো নাইজেরিয়া

আপডেট : ১১ মে ২০১৬, ১৭:৩৪
নাইজেরিয়া থেকে চুরি করে নিয়ে যাওয়া সম্পদ ব্রিটেনের কাছে ফেরত চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নাইজেরিয়াকে 'বিস্ময়করভাবে দুর্নীতিগ্রস্ত' বলার পর এ কথা বলেন বুহারি।
 
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারি বলেন, 'আমি কারো কাছে ক্ষমা দাবি করছি না। এর চেয়ে বরং ব্রিটেনের ব্যাংকে রাখা চুরি করা সম্পদ নাইজেরিয়াকে ফিরিয়ে দেয়াতেই আমার রুচি।' লন্ডনে দুর্নীতিবিরোধী এক সম্মেলনে এসব কথা বলেন বুহারি।
 
রানীর সঙ্গে কথোপকথনের সময় ক্যামেরন নাইজেরিয়াকে 'বিস্ময়করভাবে দুর্নীতিগ্রস্ত' বলেন। দেশে দুর্নীতি নিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্টকে সরাসরি জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেন: হ্যাঁ। বক্তৃতায় তিনি দুর্নীতিকে গ্রিক রূপকথার হাইড্রার সঙ্গে তুলনা করেন যাকে নির্মূল করা খুব কঠিন। তিনি আরো বলেন, উন্নত বা উন্নয়নশীল সব দেশের জন্যই এটি সমান ক্ষতিকর। নাইজেরিয়ায় দুর্নীতি মহামারী রূপ নিয়েছে উল্লেখ করে তা দমনে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন মুহাম্মাদু বুহারি।
 
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০১৫ সালের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় নাইজেরিয়ার অবস্থান ১৩৬। সূত্র: বিবিসি