বাগমারায় ত্রিমুখী সংঘর্ষে আরেক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

আপডেট : ১৩ মে ২০১৬, ০০:২৯
রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগের দুই গ্রুপ ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে আহত আরো একজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম মোনতাজ আলী (৪৫)। তিনি বাগমারার সারন্দি গ্রামের মৃত সাবের আলীর ছেলে। বাগমারার ওই সংঘর্ষের ঘটনায় এ নিয়ে চার জনের মৃত্যু হলো। এর মধ্যে দুই জন ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। গত ৯ মে রাজশাহীর মহানগর ক্লিনিকে মারা যান জাহিদুল ইসলাম বুলু (৪০) নামের একজন। আার গত ৭ মে বাগমারার আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া এলাকায় ত্রিমুখী ওই সংঘর্ষে সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক (৩৭) ও রমজান আলী ওরফে রঞ্জু (২৭) নামে দুজন ঘটনাস্থলে প্রাণ হারান।
বাগমারা থানার ওসি আবদুর রাজ্জাক জানান, মোনতাজ আলীর লাশ ময়নাতদন্ত শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত ৭ জনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে মোনতাজ আলীও ছিলেন।
গত ৭ মে বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল। এর দুই দিন আগে নির্বাচন কমিশন থেকে উপজেলার সবগুলো ইউনিয়নের নির্বাচন স্থাগিত করা হয়। নির্বাচন স্থগিত করা হলেও নিজেদের প্রভাব রাখতে এলাকায় মিছিল বের করে আউচপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী সরদার জান মোহাম্মদ ও বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম শহীদের সমর্থকেরা।
একপর্যায়ে হাটগাঙ্গোপাড়া বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের উপরও হামলা চালানো হয়। বেঁধে যায় ত্রিমুখী সংঘর্ষ। পরিস্থিতি শান্ত করতে পুলিশ বৃষ্টির মতো গুলি ছোঁড়ে। এতে অন্তত ৫০ জন হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য পুলিশের বাড়াবাড়িকে দায়ী করছে স্থানয়ি আওয়ামী লীগ।