থেসালোনিকি আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ

আপডেট : ১৫ মে ২০১৬, ২১:৩০
গ্রিসের দ্বিতীয় বৃহত্তম নগরী থেসালোনিকিতে চলছে থেসালোনিকি আন্তর্জাতিক বইমেলা। গত ১২মে ২০১৬ তারিখে শুরু হয় এই আন্তর্জাতিক মেলা।
 
২০টি দেশ ও গ্রিসের ৩০০ এর বেশি প্রতিষ্ঠান ও প্রকাশনা সংস্থা এই মেলায় অংশগ্রহণ করেছে। এই প্রথমবারের মতো বাংলাদেশও মেলায় অংশ নিয়ে প্রকাশনা শিল্পকে তুলে ধরার প্রয়াস পেয়েছে।
 
এথেনস্থ বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকাশনা দিয়ে বিপুল সংখ্যক দর্শকের সামনে বাংলাদেশ স্টল তুলে ধরছে। বিভিন্ন দেশ থেকে আগত দর্শকরা বাংলাদেশের স্টলে বিশেষত বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি এবং বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত প্রকাশনা বিষয়ে গভীর আগ্রহ দেখাচ্ছে।
 
বাংলাদেশি বই , গবেষণা, প্রকাশনা ইত্যাদি প্রদর্শনের পাশাপাশি এই স্টলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য তুলে ধরে প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হচ্ছে। থেসালোনিকি আন্তর্জাতিক বইমেলা ১৫মে শেষ হয়ে যাবে।