বিশ্বের প্রথম মোবাইল ফোন এসেছিল মটোরোলার কাছ থেকেই। কিন্তু বিশ্বের প্রথম মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হলেও স্মার্টফোনের বাজারে বিদ্যমান তীব্র প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে মটোরোলা। এক দশক আগেও বাজারে জনপ্রিয়তার শীর্ষে ছিল প্রতিষ্ঠানটি। এর দরুণ ২০১২ সালে মটোরোলা তাদের ব্যবসা দুই ভাগে ভাগ করে। এসময় ফোন বিভাগটিকে গুগলের কাছে বিক্রি করে দেয়া হয়। তবে এ থেকে লাভের মুখ দেখেনি গুগলও। মটোরোলা কিনে লোকসান গুনতে হওয়ায় দুই বছর পরই কিছু পেটেন্ট রেখে লেনোভোর কাছে মটোরোলাকে বিক্রি করে গুগল।
মটোরোলাকে কিনে এখনো লাভের মুখ না দেখলেও খুব একটা লোকসানও গুনতে হয়নি লেনোভোকে। আর তার কারণ, মটো জি সিরিজের ফোন। বাজারে এই সিরিজের কাটতি এখনো বিপুল।
প্রযুক্তি বাজারে গুঞ্জন, শিগগিরই বাজারে নতুন এক ফোন আনতে যাচ্ছে লেনোভো অধিকৃত মটোরোলা। আগামী কাল ১৭ মে মটো জি (ফোর্থ জেনারেশন) বা সংক্ষেপে মটো জি৪ নামের এই ফোন আসছে।
নতুন এই ফোনের বিজ্ঞাপনে বিশেষ কয়েকটি ফিচারের উপর বিশেষ জোর দিয়েছে মটোরোলা। যেমন- বাজেট স্মার্টফোনে বড় বড় গেমস খেলতে গেলে অনেকসময় ফোন ‘হ্যাং’ করে যায়। ব্যাটারির চার্জ কমে গেলে আচমকাই ফোন ‘অফ’ হয়ে যায়। আবার ‘স্লো’ ক্যামেরা অটো-ফোকাসের জন্য অনেকসময় কোনও গুরুত্বপূর্ণ ছবিও তোলা যায় না। মটোরোলার ভাষ্য, মটো জি৪ মডেলে এমন কোনও সমস্যারই দেখা মিলবে না।
প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলোর মতে, মটো জি৪ মডেলের স্ক্রিন ৫.৫ ইঞ্চির ফুল এইচডি রেজ্যুলেশনের। সঙ্গে অক্টা-কোর প্রসেসর, ২ জিবি র্যাম, ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ থাকছে।
ছবি তোলার জন্য থাকবে ১৩ এমপি ক্যামেরা। ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি সাদা মটো জি৪ মডেলের ছবি সত্যি হলে, নতুন ফোনে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।
