বরিশালের বানারীপাড়া উপজেলায় বখাটের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করায় ৮ম শ্রেণীর এক ছাত্রীর লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ওই ছাত্রীকে এসিডে ঝলসে দেয়ার হুমকি দেয়ায় তার পরিবার শঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে বর্তমানে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
অভিযোগ পাওয়া গেছে, পুলিশের কাছ থেকে সহায়তা না পেয়ে ওই ছাত্রীর মা ময়না শনিবার বরিশাল র্যাব-৮’র কমান্ডিং অফিসার বরাবর আইনি সহায়তা চেয়ে লিখিত আবেদন করেছেন।
জানা গেছে, ২০১৫ সালের ৩০ জুলাই বিকেলে বানারীপাড়ার গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ওই মেধাবী ছাত্রী স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল। এ সময় রাজ্জাকপুর গ্রামের বখাটে রাজু বেপারী পথরোধ করে তার ওড়না ধরে টান দেয়। এ সময় তার ডাক চিৎকারে সহপাঠীরা এগিয়ে আসলে রাজু চলে যায়। এ ঘটনার বিচার চাইতে ছাত্রীর বাবা রাজুর বাড়িতে যায়। এ সময় তার বাবা বাদশা বেপারী ও ভাই শামীম তাকে মারধর করে তাড়িয়ে দেয়। সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে এর কোনো প্রতিকার না পেয়ে ৫ আগস্ট রাজু বেপারী, তার বাবা বাদশা বেপারী ও ভাই শামীম বেপারীকে আসামি করে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করা হয়। এরপর থেকে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। সম্প্রতি ওই ছাত্রীর মুখ এসিডে ঝলসে দেয়া বা প্রয়োজনে প্রাণনাশ করা হবে বলে পরিবারটিকে হুমকি দেয়া হয়। আসামিদের অব্যাহত হুমকির মুখে জীবন বাঁচাতে পাশের গ্রাম ওই ছাত্রীর নানার বাড়িতে তারা স্বপরিবারে আশ্রয় নিয়েছে।
এসব হুমকির ব্যপারে বানারীপাড়া থানায় একাধিক সাধারণ ডায়েরি করা হয়েছে। কিন্তু এতে কোনো রকম দায়িত্বপালন করেনি থানা পুলিশ। অবশেষে তারা র্যাবের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ অস্বীকার করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান দাবি করেন, ওই মামলার চার্জশীট দেয়াসহ সবরকম আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।
