নিউইয়র্কের ‘টুইন টাওয়ার’ হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সৌদি আরবের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারবে এমন একটি আইনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট।
‘জাস্টিস এগেইনস্ট স্পন্সর অব টেরোরিজম অ্যাক্ট’ বা জেএএসটিএ নামের এই প্রস্তাবিত আইনটি মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষের সদস্যদের সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়। সিনেটে পাস হওয়া প্রস্তাবিত আইনটি এবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষে যাবে। সেখানে জুডিশিয়ারি কমিটি প্রস্তাবটির উপর শুনানির আয়োজন করবে বলে ধারণা প্রকাশ করেছেন কমিটির এক সহযোগী।
প্রস্তাবটি আইনে পরিণত হলে জেএএসটিএ যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত বিদেশি রাষ্ট্রের সার্বভৌম ছাড় বিলুপ্ত করে ওই দেশের সরকারের বিরুদ্ধে মামলা করার বিষয়ে বিদ্যমান বিধিনিষেধ তুলে দিবে। এতে হামলায় নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজন এবং আহতরা অভিযুক্ত দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করে মামলা করতে পারবে।
এই ক্ষেত্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলার সঙ্গে সৌদি আরব জড়িত, এটি প্রমাণ করতে নিউইয়র্কের ফেডারেল আদালতে আইনি লড়াই করার অনুমতি পাবেন আইনজীবীরা।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আত্মঘাতী হামলায় ট্যুইন টাওয়ার নামে পরিচিত নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়। তখন প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। হামলায় জড়িতরা সবাই ছিল সৌদি নাগরিক।
জঙ্গিগোষ্ঠি আল কায়েদাকে এর দায়ী করা হয়। সৌদি আরব এই হামলার দায় সবসময় অস্বীকার করে আসছে। দেশটি যুক্তরাষ্ট্র সিনেটে পাস হওয়া প্রস্তাবিত আইনটিরও তীব্র বিরোধিতা করছে। এই প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার আগেই তারা যুক্তরাষ্ট্রে থাকা ৭৫০ বিলিয়ন ডলারের ট্রেজারি সিকিউরিটিজ ও অন্যান্য সম্পদ বিক্রি করে দিতে পারে বলে হুমকি দিয়ে রেখেছে। সূত্র: রয়টার্স
