নতুন একটি গ্রুপ মেসেজিং অ্যাপ নিয়ে এসেছে ওয়েব জায়ান্ট গুগল। 'গুগল স্পেসেস' নামের এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা বারবার এক অ্যাপ থেকে অন্য অ্যাপে তথ্য কপি-পেস্ট করার বদলে গ্রুপ মেসেজেই তথ্য খুঁজে বের করে লিংক জুড়ে দিতে পারবেন।
গুগল জানায়, এতে সংশ্লিষ্ট বিষয়ে কোনো আর্টিকেল বা ছবি জুড়ে দেওয়া ছাড়াও আগের গ্রুপ মেসেজে শেয়ার করা আর্টিকেল, ভিডিও, ছবি ও কমেন্ট ‘খুব সহজেই’ খুঁজে বের করা যাবে। এ ছাড়াও সহজ একটি ইনভাইট লিংকের সাহায্যে ব্যবহারকারীরা সহজেই চ্যাটিংয়ে বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবেন।
ফেসবুক মেসেঞ্জার ও স্ন্যাপচ্যাটের মতো শীর্ষ মেসেজিং অ্যাপগুলোর সঙ্গে তাল রাখতে হিমশিম খেতে থাকা গুগল, প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে থাকতেই স্পেসেস চালু করেছে।
এই অ্যাপের ভূমিকা ও প্রয়োজনীয়তা প্রশ্নবিদ্ধ হচ্ছে সমালোচকদের কাছে। গুগলের বর্তমান মেসেজিং অ্যাপ হ্যাংআউটস-এ এসব সুবিধাগুলো যুক্ত না করে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ তৈরির সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকেই। এ ছাড়াও হ্যাংআউটস, মেসেঞ্জার, ইউটিউব মেসেজিং ও গুগল প্লাস-এর পর নতুন একটি শেয়ারিং অ্যাপের ধারণাটাই বাড়াবাড়ি বলে মনে করছেন অনেকে। অ্যাপটির অ্যান্ড্রয়েড, আইওএস এবং ডেস্কটপ সংস্করণ বাজারে ছেড়েছে গুগল। বিজনেস ইনসাইডার।
