শ্রীলঙ্কায় বন্যায় নিহত ৬৩, নিখোঁজ ১৩৪, বাস্তুহারা ২ লাখ

আপডেট : ২১ মে ২০১৬, ১৩:০২
 
শ্রীলঙ্কায় বন্যায় এখন পর্যন্ত ৬৩ জন নিহত হয়েছেন। এ ছাড়াও শিশুসহ নিখোঁজ রয়েছেন ১৩৪ জন। বন্যার কবল থেকে বাঁচতে দেশটির রাজধানী ত্যাগ করেছে ২ লাখ মানুষ। শ্রীলঙ্কার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা কেন্দ্র জানিয়েছে, দুর্যোগ কবলিত এলাকার প্রায় ২ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। রাষ্ট্রীয় একটি আশ্রয় কেন্দ্রে প্রায় ৪০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
 
বঙ্গপোসাগরে চলমান ঘূর্নিঝড় রোয়ানুর প্রভাবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ আরো কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ৩’শ মিলিমিটার ছাড়িয়েছে। দেশটির মাহাইল্লুপ্পালামা এলাকায় এক সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৫শ মিলিমিটারেরও বেশি।
 
শ্রীলঙ্কার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কলম্বোর ১’শ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় কেগালি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় দু’টি পৃথক ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।
 
এদিকে দেশটির বন্যার্তদের সাহায্যের জন্য ত্রাণ সহায়তা নিয়ে গেছে ভারত। ইন্ডিয়া টু ডে ও এনডিটিভি।