বিজটেক বিটুবি কনফারেন্স শুরু

আপডেট : ২১ মে ২০১৬, ১৩:৩৬
 
দেশের প্রথম ভিন্নধর্মী বিজনেস সল্যুউশন প্রদর্শনী ‘বিজটেক বিটুবি কনফারেন্স’ শুরু হয়েছে। শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই বিজটেক বিটুবি কনফারেন্সটি রবিবার সন্ধ্যা পর্যন্ত চলবে।
 
স্থানীয় বাজারে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার বাজার সম্প্রসারণে, প্রাইভেট সেক্টর অটোমেশন/ডিজিটালাইজেশন ত্বরান্বিত করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারের জন্য সক্ষমতা বৃদ্ধিতে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে বেসিস এই কনফারন্সের আয়োজন করেছে।
 
আয়োজনের অংশ হিসেবে শনিবার সকালে ব্যাংকিং ও ফিন্যান্স বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকিং ও ফিন্যান্স খাতের উপর ইন্ডাস্ট্রি পেপার তুলে ধরেন লংকাবাংলার চিফ টেকনোলজি অফিসার ও পরিচালক এস.এ.আর মো. মইনুল ইসলাম। বেসিসের যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ, ডিসিসিআই সভাপতি হোসেইন খালেন, সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি তপন কান্তি সরকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী।
 
IMG0
 
এরপর দুপুরে বিজনেস টু বিজনেস বৈঠক অনুষ্ঠিত হয়। বিকালে স্বাস্থ্য খাতের উপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া বিকেল পাঁচটায় তিনি আয়োজন সম্পর্কে প্রেস ব্রিফিং করবেন।
 
একইভাবে রবিবার সকাল ১০টায় শিক্ষা খাত ও বিকেল তিনটায় তেরি পোশাক খাতের উপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
 
বিজটেক বিটুবি কনফারেন্স সম্পর্কে বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে http://biztech.basis.org.bd/ ঠিকানায় যেতে হবে।