সাধারণ মানুষের উপর চরমপন্থীদের হামলার কারণে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। এতে চরমপন্থীদের রুখতে এবার উদ্যোগী হয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। নিজেদের কয়েকটি সেবা থেকে 'টেরোরিস্ট কনটেন্ট' বা ত্রাস সৃষ্টিকারী বিষয়বস্তু নির্মূল করতে নতুন নীতিমালা ঘোষণা করেছে বিল গেটসের প্রতিষ্ঠান।
এক ব্লগ পোস্টে মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, গেইমিং টুল এক্সবক্স লাইভ, আউটলুক ইমেইলের গ্রাহক সংস্করণ এবং গ্রাহকদের ডকুমেন্ট-শেয়ারিং এর মতো সেবার প্রতি আলাদা নজর রাখছে তারা। এসব সেবায় ত্রাস সৃষ্টিকারী বিষয়বস্তু নজরে আসলে সাথে সাথেই তা মুছে ফেলা হবে। শুধু তাই নয়; যে অ্যাকাউন্ট থেকে ত্রাস সৃষ্টিকারী বিষয়বস্তু আপলোড করা হবে ওই অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে।
সার্চ ইঞ্জিন বিং এর বেলায় সার্চ প্রোভাইডারদের প্রয়োজনে স্থানীয় আইন মেনে ত্রাস সৃষ্টিকারী লিঙ্ক সরিয়ে দেবে বলেও ওই ব্লগ পোস্টে জানিয়েছে মাইক্রোসফট।
তবে গ্রাহকদের কাছ থেকে আমলে নেয়ার মতো রিপোর্ট পেলেই কনটেন্ট সরাবে তারা। মার্কিন প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, লেখা, ছবি, অডিও ও ভিডিও স্ক্যান করতে পারে এমন এক টুল আনতে যাচ্ছে তারা। টুলটি তৈরির জন্য ইতোমধ্যে তারা তহবিলও পেয়েছে। সূত্র- এবিসি নিউজ।
