গ্রাহকদের সাইবার হামলার তথ্য শেয়ারের আহ্বান সুইফটের

আপডেট : ২১ মে ২০১৬, ১৬:১৬
ভবিষ্যৎ সাইবার হামলা রোধে সহায়তার জন্য হ্যাকিংয়ের তথ্য শেয়ার করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সুইফট। শুক্রবার নিজেদের গ্রাহক ব্যাংকগুলোকে উদ্দেশ করে এই আহ্বান জানায় আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল মেসেজিং সেবাদাতা প্রতিষ্ঠানটি।
 
সুইফটের মেসেজ ব্যবহার করে সাইবার অপরাধীরা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করে। এতে সুইফটের প্রতি গ্রাহকদের বিশ্বাসহীনতা তৈরি হয়। এই বিশ্বাস পুনরুদ্ধারে সাইবার হামলার তথ্য শেয়ারের আহ্বান জানিয়েছে বেলজিয়ামভিত্তিক প্রতিষ্ঠানটি।
 
শুক্রবারের আগে এক প্রতিবেদনে বার্তা-সংস্থা রয়টার্স জানায়, 'ওয়েল ফার্গো, একুয়েডর'স বাঙ্কো ডেল আস্ট্রো (বিডিএ) এবং সিটিব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরদের পক্ষ থেকে গত বছরের সাইবার হামলার ব্যাপারে সুইফটকে অবহিত না করায় বিডিএ থেকে ১২ মিলিয়ন মার্কিন ডলার চুরি হয়।
 
কেন সর্বশেষ সাইবার হামলার ব্যাপারে সুইফটকে অবহিত করা হয়নি এ ব্যাপারে বিডিএ কর্তৃপক্ষ বা সুইফটের চেয়ারম্যান ইয়ার শাহ কোনো মন্তব্য করতে রাজি হননি।
 
ব্যাংকগুলোর ভেতরকার অর্থ লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হয় সুইফটের মেসেজ। এই নেটওয়ার্ককে আন্তর্জাতিক ফিন্যান্সের মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরির পর এই বিশ্বাস ভেঙে যায়।
 
শুক্রবার সুইফট গ্রাহকদের জানায়, সন্দেহজনকভাবে সুইফটের পণ্য, সেবা বা কানেক্টিভিটি ব্যবহার করা হলে গ্রাহকদের উচিত হবে সাথে সাথে কর্তৃপক্ষকে জানানো। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।