দলত্যাগ ঠেকাতে এমএলএদের মুচলেকা নিচ্ছে কংগ্রেস

আপডেট : ২৫ মে ২০১৬, ২০:৩৭
ভারতের পশ্চিমবঙ্গে দলত্যাগ আটকাতে এ বার অভিনব কৌশল বেছে নিল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার সদ্যনির্বাচিত ৪৪ জন বিধায়ককে স্ট্যাম্পে সই করে মুচলেকা দিয়ে বলতে হল, কোনো অবস্থাতেই তারা কংগ্রেস ছেড়ে যাবেন না এবং দলের নেতা সোনিয়া ও রাহুল গান্ধীর প্রতি সর্বদা অনুগত থাকবেন।
 
তৃণমূলের সঙ্গে জোট বেঁধে ২০১১ সালে কংগ্রেস পেয়েছিল ৪২ জন বিধায়ক। পরের পাঁচ বছরে ১১ জন বিধায়ক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। এ বার বামেদের সঙ্গে জোট করে কংগ্রেস জিতেছে ৪৪টি আসনে। তৃণমূল ২১১টি আসন  পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তারপরও কংগ্রেসের কিছু বিধায়ককে দলে টানার জন্য তৃণমূলের পক্ষ থেকে টোপ দেয়া হয়েছে বলে কংগ্রেসের অভিযোগ।
IMG0
এই অবস্থায় মঙ্গলবার দলের বিধায়ক, পরাজিত প্রার্থী এবং জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে জয়ী প্রার্থীদের কাছ থেকে দল না ছাড়ার শপথ আদায় করেন প্রদেশ কংগ্রেস সভিপতি অধীর চৌধুরী। ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের যে ঘোষণাপত্রে বিধায়কেরা সই করেছেন তাতে বলা হয়েছে কোনো পরিস্থিতিতেই তারা কংগ্রেস ছেড়ে অন্য দলে যাবেন না এবং সোনিয়া ও রাহুল গান্ধীর প্রতি তাদের আনুগত্য থাকবে প্রশ্নহীন। সূত্র: এনডিটিভি