গত দুই বছরে নিরাপত্তা গবেষকদের পেছনে ৩ লাখ মার্কিন ডলার খরচ করেছে ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটার। 'বাগ বাউন্ডি'-এর আওতায় এই অর্থ খরচ করে জ্যাক ডরসির নেতৃত্বে থাকা প্রতিষ্ঠানটি।
ওই সময় 'বাগ বাউন্ডি'-এর আওতায় বিশ্বের নানা প্রান্তের ১ হাজার ৬৬২ জন গবেষকের কাছ থেকে ৫ হাজার ১৭১টি আবেদন পায় টুইটার। এর মধ্যে গবেষক প্রতি গড়ে ৮৩৫ ডলার করে মোট ৩ লাখ ২২ হাজার ৪২০ ডলার পুরস্কার দেয় কোম্পানিটি।
হ্যাকারদের হাত থেকে নিরাপদ নয় কিছুই। বিভিন্ন ডিভাইস থেকে নামীদামী ওয়েবসাইট, গাড়ি থেকে গ্যাস স্টেশন কিছুই বাদ যায় না এদের আগ্রাসন থেকে। এদের দৌরাত্ম্যের কাছে রাষ্ট্রের নিরাপত্তাও অরক্ষিত। প্রতিরোধক ব্যবস্থা উন্নত করেও মুক্তি নেই যেন।
এই বাস্তবতায় নিজেদের সাইট ও ব্যবহারকারীদের নিরাপত্তায় নানা ধরনের উদ্যোগ নিয়ে থাকে ফেসবুক, টুইটার ও গুগলের মতো প্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম হলো 'বাগ বাউন্ডি'।
কেউ কোনো নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়ে ফেসবুক, টুইটার বা গুগলকে সতর্ক করতে পারলে তাকে পুরস্কৃত করে থাকে সংশ্লিষ্টরা। একেই 'বাগ বাউন্ডি' বলা হয়। সূত্র- ভেঞ্চারবিট ডটকম।
