পঞ্চগড়ে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২৯ মে ২০১৬, ০১:০০
পঞ্চগড় জেলার সদর উপজেলার গরিণাবাড়ি ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় নাসিরউদ্দীন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  এ সময় আনসার ও নারীসহ আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার (২৮ মে) রাত পৌনে ১০টার দিকে জেলার সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের জোতদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিজয়ী ও পরাজিত দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দীন ওই ইউনিয়নের কোরিয়াপাড়া এলাকার মৃত ফাগু মোহাম্মদের ছেলে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর থেকে পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, নির্বাচনের ফলাফল ঘোষণার পর ইউপি সদস্য পদে টিউবওয়েল প্রতিকের প্রার্থী তরিকুল ইসলাম বিজয়ী হলে পরাজিত প্রার্থী ফুটবল প্রতিকের আনোয়ার হোসেনের কর্মী-সমর্থকরা তরিকুল ইসলামের সমর্থকদের উপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে তারা লাঠিসোটা নিয়ে তরিকুল ইসলামের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। উভয় সমর্থকদের সংঘর্ষে নাসিরউদ্দীন (৫০), তার স্ত্রী নুরজাহান (৪৮), আনসার সদস্য সেরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, সাইদুল ইসলাম, মোজাম্মেল হক, হাসিবুল, দেবারু, রিপা, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন ও বাতাসু  আহত হয়। আহতদের তাৎক্ষণিক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক  ডা. শাহাজাদা মিয়া নাসিরউদ্দীনকে (৫০) মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম মমিন উভয় পক্ষের সংঘর্ষে এক জন নিহত ও ১২ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।