কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের শীর্ষস্থানীয় নেতা গ্রেফতার

আপডেট : ২৯ মে ২০১৬, ১২:৩৩
 
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পুলওয়ামা থেকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের অন্যতম শীর্ষ নেতা তারিক পন্ডিতকে গ্রেফতার করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় শনিবার তাকে গ্রেফতার করা হয়।
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল মুজাহিদিনের নেতা বুরহান ওয়ানির ঘনিষ্ঠজন হিসেবে তারিক পরিচিত। প্রথম প্রেণির ‘জঙ্গি’ হিসেবে বিবেচিত তারিককে গ্রেফতারে সহায়তা করার জন্য তিন লাখ রুটিপ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
 
পুলওয়ামার পুলিশ কর্মকর্তারা তারিকের আত্মসমর্পণের কথা জানালেও সেনাবাহিনী বলছে, তাকে গ্রেফতার করা হয়েছে।
 
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, সুসমন্বিত এক অভিযানের মাধ্যমে অল্প সময়ের মধ্যে তারিককে পুলওয়ামা জেলার নেওয়া-পিঙ্গলানা সড়ক থেকে গ্রেফতার করা হয়েছে।
 
তারিককে আটকের পর একটি মামলা দায়ের করে তাকে পুলওয়ামা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই মুখপাত্র।