চবিতে চার দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন

আপডেট : ৩০ মে ২০১৬, ২৩:৫৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চার দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।
সোমবার বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার ফেডারেশনের কর্মসূচির সমর্থনে এ কর্মরিতি পালন করেছেন চবি কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের চার দফা দাবি হল, বিজ্ঞাপিত রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ইত্যাদি পদে অভ্যন্তরীণ প্রার্থীদের দিয়ে শূণ্যপদ পূরণ ও সকল দপ্তর ও শাখাকে প্রশাসকমুক্ত করে কর্মকর্তাদের দায়িত্ব প্রদান, অতিরিক্ত রেজিস্ট্রার বা সমমানের পদ সৃষ্টি, বিশ্ববিদ্যালয়ের কমকর্তাবৃন্দের টাইমস্কেল ও সিলেকশন গ্রেড অব্যাহত রাখা এবং কর্মকর্তাদের হয়রানি দূর করে প্রশাসনে ‘চেইন অব কমান্ড’ প্রতিষ্ঠা।

অফিসার সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল হায়দার জাবেদ বলেন, আমরা আজকে চার দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছি। কর্মবিরতি চলাকালে আমরা সভায় বসে সিদ্ধান্ত নিয়েছি, যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন রমজান মাসের মধ্যে আমাদের দাবিগুলো মেনে না নিলে ঈদের বন্ধের পর আমরা লাগাতার কর্মবিরতিতে যাবো।