ইরাক যুদ্ধের জন্য যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে হাতকড়া পরিয়ে কারাগারে নিক্ষেপ করা উচিত বলে মনে করেন ইংলিশ অভিনেতা ও পরিচালক টিম রথ। বিবিসি ওয়ানের জন্য নির্মিত একটি যুদ্ধবিরোধী টিভি ফিল্মের প্রচারণায় তিনি এই কথা বলেছেন।
রেগ কিজ নামের একজন ব্রিটিশ নাগরিক ইরাক যুদ্ধে তার সন্তান রেগ টমকে হারিয়েছেন। তারপর থেকেই তিনি যুদ্ধ বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার ওপর ভিত্তি করে বিবিসি নির্মাণ করেছে ‘রেগ’ নামের একটি টিভি ফিল্ম। কিজ মিলিটারি ফ্যামিলিজ এগেইনস্ট দ্য ওয়ার-এর প্রতিষ্ঠাতা। তার ছেলে ল্যান্স কর্পোরাল রেগ টম ২০০৩ সালের জুনে ইরাকের মাজার আল কবিরে দাঙ্গাকারীদের হাতে নিহত হন।
এই সিনেমায় ‘রেগ’ চরিত্রে অভিনয় করেছেন ৫৫ বছর বয়সী টিম রথ। তিনি ‘রিজারভয়ের ডগস’ তারকা হিসেবে বহুল পরিচিত। তিনি বলেন, আমি সবসময় এটা মনে করেছি ব্লেয়ারকে হাতকড়া পরিয়ে ওয়র্মউড স্কাপ কারাগারে পাঠিয়ে দেয়া উচিত। তার জায়গা সেখানেই। আমার টনি ব্লেয়ার থেকে খুব বেশি প্রত্যাশা নেই। আমি মনে করি সে রেগের ছেলেন মৃত্যু ও ইরাক যুদ্ধ থেকে লাভবান হয়েছে।
ইরাক যুদ্ধে নিহত সেনাসদস্যের পরিবারের কাছে ব্লেয়ারকে ক্ষমাপ্রার্থনা করার আহ্বান জানিয়ে রথ বলেন, আমি আশা করবো ব্লেয়ার এই সিনেমাটি দেখবে এবং সেটা দেখে তার মধ্যে কোনো ধরণের অনুতাপ বা পাপবোধ তৈরি হবে যা তাকে ক্ষমা চাইতে অনুপ্রাণিত করবে। ব্যক্তিগত ভাবে আমি মনে করি, যদি আমার ছেলে এভাবে যুদ্ধে মারা যেত তাহলে আমি অন্তত এটাতো চাইতেই পারি। ডেইলি মেইল।
