ক'দিন আগে নতুন করে সাজানো হয় ছবি শেয়ারের সাইট ইনস্টাগ্রামকে। আগের পোলারয়েড অনুপ্রাণিত ক্যামেরা ও রঙধনু সম্বলিত লোগো পাল্টে বেছে নেয়া হয় দ্বিমাত্রিক ও গ্র্যাডিয়েন্ট-সহ নতুন লোগো। বদলে ফেলা হয় ইনস্টাগ্রাম শব্দটির ফন্টও। নোটিফিকেশন আইকনে কমলার বদলে জুড়ে দেয়া হয় লাল রঙ। এখন অ্যাপ আইকনটি আরো পরিস্কার ও কম রঙিন। অ্যাপের ভেতরের সব টেক্সটের রঙ এখন সাদা-কালো।
এবার নতুন তিনটি ফিচার যোগ করা হচ্ছে ফেসবুকের মালিকানাধীন অ্যাপটিতে। যারা ব্যবসায়িক উদ্দেশে এই অ্যাপ ব্যবহার করেন তাদের জন্য যোগ করা হচ্ছে নতুন ফিচার তিনটি।
বর্তমানে বিশ্বের ৪০০ মিলিয়ন মানুষ ব্যবহার করেন ইনস্টাগ্রাম। এর মধ্যে ব্যবসায়ী রয়েছেন ২ লাখ। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ চাইছে, ৪০০ মিলিয়ন মানুষের কাছে ২ লাখ ব্যবসায়ীর ব্র্যান্ডের প্রচার-প্রসারের প্ল্যাটফর্ম হয়ে উঠুক তাদের সাইট। আর সেজন্যই আনা হয়েছে নতুন ফিচার তিনটি।
ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের বিশ্বাস, নতুন ফিচার তিনটি সাইটটির বর্তমান ব্যবসায়ীদের খুশি নিশ্চিত করবে, আর এতে আর বেশি সংখ্যক ব্যবসায়ী আসবেন এখানে।
মঙ্গলবার নতুন তিন ফিচার উন্মুক্ত করে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। এর মধ্যে একটি ফিচার হলো 'বিজনেস প্রোফাইল'। এতে থাকবে 'কনটাক্ট' বাটন। গ্রাহকরা কোন মাধ্যমে যোগাযোগ করবে তা এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট করতে পারবেন ব্যবসায়ীরা। তারা (ব্যবসায়ীরা) যে মাধ্যম (ফোন কল বা টেক্সট বা ইমেল) নির্দিষ্ট করে দেবেন গ্রাহকরা সে মাধ্যমেই তাদের সাথে যোগাযোগ করবে।
ব্যবসায়ীদের জন্য ইনস্টাগ্রামের আরেকটি ফিচার হলো 'ইনসাইট' বা 'অ্যানালিটিক্স'। আগে লাইক-কমেন্টের মাধ্যমে ইনস্টাগ্রাম পোস্টের জনপ্রিয়তা যাচাই করতেন ব্যবসায়ীরা। নতুন ফিচার অ্যানালিটিক্স তাদের আরও গভীরতর বিশ্লেষণের সুযোগ দেবে। কি পরিমাণ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর কাছে পোস্টটা পৌঁছালো, এখান থেকে কতজন ব্যবহারকারী মূল ওয়েবসাইটে আসলো, অন্যান্য পোস্টের সাথে নতুন পোস্টের তুলনামূলক অবস্থান কোথায় ইত্যাদি অ্যানালিটিক্সের সাহায্যে যাচাই করতে পারবেন ব্যবসায়ীরা।
ইনস্টাগ্রামের অপর ফিচার হলো 'অ্যাড প্রোফাইল'। যদি কোনো ব্যবসায়ী বা ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের কোনো পোস্টকে অ্যাড হিসেবে ছড়িয়ে দিতে চায় তবে সে সুযোগ দেবে এই 'অ্যাড প্রোফাইল'। সূত্র- ফরচুন।
