ঢাকায় অনুষ্টিত হতে যাচ্ছে প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান গুগলের আইও সম্মেলন পরবর্তী দেশীয় অনুষ্ঠান ‘আই-ও রি-প্লে-২০১৬’। আগামী শনিবার বসুন্ধরা আবাসিক এলাকায় জিপি হাউসে এটি অনুষ্ঠিত হবে।
এটি আয়োজন করছে গুগলের বাংলাদেশ কমিউনিটি গুগল ডেভেলপার গ্রুপ ও প্রিনিয়ার ল্যাব।
গত ১৮ মে থেকে শুরু হয়ে মাউন্টেন ভিউ শোরলাইন আম্পিথিয়েটরে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্মেলন গুগল আইও(ইনপুট-আউট)।
দশমবারের মত গুগলের বার্ষিক এই সম্মেলনে অংশ নিয়েছে গুগল প্ল্যাটফর্মে যুক্ত বিশ্বের শীর্ষ ডেভেলপার, ডিজিটাল এক্সপার্টস এবং প্রযুক্তি পেশাজীবীরা।
বাংলাদেশ থেকে অংশ নেয় চার তরুণ কমিউনিটি ব্যবস্থাপক। উইমেন টেক মেকারস লিড রাখশান্দা রুখাম এবং মাহাবুব হাসান প্রতিনিধিত্ব করছেন জিডিজি ঢাকাকে, জিডিজি সোনারগাঁও থেকে ইশতিয়াক রেজাএবং জিডিজি বাংলা থেকে জাবেদ সুলতান প্রতিনিধিত্ব করেন বাংলাদেশকে।
প্রতিবছরই আইও সম্মেলনের পর ঘটা করে আয়োজিত হয় আই রিক্যাপ ইভেন্ট যা এবার ‘গুগল আই রিপ্লে ২০১৬’ নামে অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী এই আয়োজনে ঘোষণা করা হবে নতুন সব প্রযুক্তি। সকাল থেকে অনুষ্ঠিত হবে কোডল্যাব যেখানে বিশেষভাবে নির্বাচিত অংশগ্রহনকারীদের হাতে কলমে গুগলের অত্যাধুনিক বিভিন্ন বিষয়ে কোডিং শেখানো হবে।
মূল অনুষ্ঠান শুরু হবে বেলা আড়াইটায়। টেকটক সেশনে বক্তব্য রাখবেন আই-ওতে অংশগ্রহণকারী চার বাংলাদেশি। প্রায় ৫০০ লোক এই আয়োজনে অংশ নেয়ার সুযোগ পাবে। আগত অংশগ্রহণকারীদের জন্য থাকছে টিশার্ট, স্টিকার, নোটপ্যাড ছাড়া অনেক গিফট।
এছাড়া দুইটি বিশেষ ফটোবুথের আয়োজন করা হয়েছে যা দর্শনার্থীদের মাতিয়ে রাখবে। সেশনগুলোতে মূলত মোবাইল, ইন্টারনেট অফ থিংগস, স্মার্ট ডিভাইসেস প্রাধান্য পাবে।
সম্মেলনে আরও বক্তব্য রাখবেন গুগল ডেভেলপার গ্রুপের উপদেষ্টা আরিফ নিজামী, গ্রামীণফোনের হেড অফ ট্রাস্ফরমেশন কাজী মাহবুব হাসান, হেড অফ ইনোভেশন এন্ড ইকোসিস্টেম সৈয়দ আশিকুর রহমান।
অনলাইনে অংশ নিবেন গুগল বিজনেস গ্রুপের গ্লোবাল ম্যানেজার মারকাস ফূন এবং গুগল ডেভলপার রিলেশন টিমের গ্লোবাল ম্যানেজার সেলে গ্রে।
‘বিল্ডিং ফর বিলিয়ন্স’ শীর্ষক প্যানেল মডারেট করবেন আরিফ নিজামী এবং অংশ নিবেন গুগলের কান্ট্রি মার্কেটিং কনসাল্টেন্ট হাশমী রাফসানজানি, গ্রামীণফোনের হেড অফ আইওটি রাভিন্দার পারাসার এবং ডিজিটাল পার্টনারশীপ বিভাগের সায়মা রহমান। কোডল্যাবগুলোর পরিচালনায় থাকছেন জিডিজি ঢাকার কো-ম্যানেজার অমিত কুমার দে। মূল প্রবন্ধ পাঠ করবেন গ্রামীণফোনের হেড অফ এক্সটারনাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল।
এ বছর আইও রিক্যাপে ইন্টারনেট মাধ্যমে ৫০০ জন নিবন্ধনকারি অংশগ্রহনের সুযোগ পাবে। নিবন্ধন করা যাবে গত বছর আইও রিক্যাপে রেজিস্ট্রেশন করে ৫০০০ লোক যার মধ্যে ৭০০ অংশগ্রহণের সুযোগ পায়। ইন্টারনেটে (www.kokhon.com/googleio) ঠিকানায় নিবন্ধন করা যাবে।
এই প্রসঙ্গেগুগল ডেভলপার কনফারেনসের বক্তা রাখশান্দা রুখাম বলেন ‘আইও রিপ্লেতে দর্শক বাংলাদেশে বসেই আইও আয়োজনের স্বাদ পাবেন। আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি যাতে চমৎকার কিছুর দেখা পায় দর্শকরা।’
