ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।
বুধবার জয়নুল গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্য থেকে ৫টি পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে তিনি পুরস্কার বিতরণ করেন।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, শিল্পাচার্য জয়নুল আবেদিনের পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন এবং শিল্পসমালোচক মোস্তফা জামান বিশেষ অতিথি ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান ড. মলয় বালা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির। উপাচার্য আরেফিন সিদ্দিক পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, 'শিল্পীদের সৃষ্টিশীল মানসিকতা নিয়ে শিল্পকর্ম করতে হবে। শুধুমাত্র পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠা লাভ নয়, দেশের জন্য শিল্প সৃষ্টি করতে হবে। পৃথিবীর জন্য শিল্পী তার শিল্পকর্ম নিয়ে মানবতার জয়গান গেয়ে এগিয়ে যাবেন।'
শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন, 'বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করে তুলতে যে ক'জন মনীষী ভূমিকা রেখেছেন, তিনি তাদের অন্যতম। বাঙ্গালি জাতির স্বাতন্ত্র্য, স্বকীয়তা জাগ্রত করতেও তিনি অনন্য অবদান রেখে গেছেন।'
উপাচার্য চিত্র প্রদর্শনী পরিদর্শন করে বলেন, আমার বিশ্বাস প্রাচ্যরীতিতে আঁকা চিত্রকর্মগুলো শিল্পপ্রেমীদের বিমোহিত করবে। বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে বিএফএ সম্মান ও এমএফএ প্রোগ্রামের শিক্ষার্থীদের মধ্য থেকে অংশগ্রহণকারী ৩৮জন শিক্ষার্থীর নির্বাচিত ৫৪টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পকর্মগুলোতে প্রাচ্যচিত্রকলার সমৃদ্ধ ধারা এবং ঐতিহ্যের অনুষঙ্গের প্রভাব পাওয়া যায়।
শিল্পকর্মে পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হল- নিরীক্ষাধর্মী পুরস্কার-সুস্মিতা সাহা রিমি, শ্রেষ্ঠ মাধ্যম পুরস্কার-হরেন্দ্র নাথ রায়, শিল্পী শফিকুল আমীন স্মৃতি পুরস্কার-হাসুরা আক্তার, শিল্পী আমিনুল ইসলাম স্মৃতি পুরস্কার-শাহনাজ আক্তার এবং শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পুরস্কার-মুনমুন আলম খান।
উল্লেখ্য, প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আগামী ৭ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
